পুতিন-জেলেনস্কি চুক্তি করতে চায়, কিন্তু জানে না কীভাবে করতে হয়: ট্রাম্প

অনলাইন ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছাতে চান, কিন্তু কীভাবে তা করবেন, তা জানেন না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, দুই নেতাকেই একসঙ্গে বসে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে হবে। ট্রাম্পের দাবি, দুই পক্ষের মধ্যে সমঝোতা হলে যুদ্ধ বন্ধের পথ তৈরি হবে।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) হোয়াইট হাউস থেকে ওহাইও যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘আমি শুধু এটুকুই জানি, জেলেনস্কি ও পুতিনকে একসঙ্গে বসে এই হাস্যকর যুদ্ধ বন্ধ করতে হবে’। তিনি আরও বলেন, ‘এই মাসে এই যুদ্ধে তারা ৩২ হাজার মানুষ হারিয়েছে। এটা হাস্যকর। তাই তাদের একসঙ্গে বসে সমাধানে পৌঁছাতে হবে।’

এর আগে গত রোববার ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, রাশিয়া ও ইউক্রেন পরস্পরের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

জেলেনস্কির ‘জ্বালানি অবকাঠামোয় যুদ্ধবিরতি’ প্রস্তাবের প্রতি সমর্থন এবং পুতিন এতে সম্মত হননি বলে ওঠা দাবির বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, তার বিশ্বাস, দুই নেতাই এ ব্যবস্থার পক্ষে।

তিনি বলেন, ‘আমার মনে হয়, তারা দুজনই এতে সমর্থন দিচ্ছেন। আমার মনে হয়, তারা একটি চুক্তিতে পৌঁছাতে চান, কিন্তু কীভাবে তা করতে হবে, তা জানেন না। তবে আমরা তাদের চুক্তিতে পৌঁছাতে বাধ্য করব।’
তবে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে ট্রাম্প যে দাবি করেছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন এক সাংবাদিক। তিনি উল্লেখ করেন, রাশিয়া ও ইউক্রেন প্রকাশ্যেই এ দাবি নিয়ে দ্বিমত জানিয়েছে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প জোর দিয়ে বলেন, দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। তিনি বলেন, ‘তারা সম্মত হয়েছে। জানেন কেন? কারণ, আমি বলেছি, ‘তোমরা সম্মত হয়েছ’—এ কারণেই। আমি বলেছি তারা সম্মত হয়েছে, তাই তারা সম্মত হয়েছে। আর বিষয়টির নিষ্পত্তি করতেই হবে।’

যুদ্ধ বন্ধে আলোচনার বিষয়ে দুই নেতার আগ্রহ নিয়েও নিজের মূল্যায়ন তুলে ধরেন ট্রাম্প। তার মতে, জেলেনস্কির তুলনায় পুতিনই চুক্তিতে পৌঁছাতে বেশি আগ্রহী। ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, আসলে জেলেনস্কির চেয়ে পুতিনই চুক্তিতে পৌঁছাতে চান বেশি।’

সূত্র: আনাদোলু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights