প্রধানমন্ত্রীকে মার্কিন রাষ্ট্রদূতের উপহার
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর সচিবালয়ের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন খবরটি নিশ্চিত করেছেন। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
রাষ্ট্রদূত এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে দুটি ছবি এবং হোয়াইট হাউসের একটি রেপ্লিকা তুলে দেন। একটি ছবিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রেসিডেন্ট জিমি কার্টার এবং অপর ছবিতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সাক্ষাতের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর জ্বালানি সহযোগিতা, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জ্বালানিবিষয়ক মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তবে গোপনীয়তার স্বার্থে এখনো তা প্রকাশ করা সম্ভব নয়। তবে বাংলাদেশে জ্বালানি নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে, সেই নিশ্চয়তা দিয়েছে। রাশিয়ার তেল কেনার ব্যাপারে যুক্তরাষ্ট্রের অনুমতি চাওয়া হয়েছে বলে যে প্রচার, এটি সম্পূর্ণ মিথ্যা বলে জানান তিনি। শামা ওবায়েদ বলেন, সব ধরনের উৎস থেকেই জ্বালানি আমদানির চেষ্টা চলছে। সাশ্রয়ী মূল্যে যেখান থেকেই হোক; ভারত, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া হোক সেখান থেকেই কেনা হবে।
