প্রবাসীদের জন্য ১০ জরুরি নির্দেশনা জারি

অনলাইন ডেস্ক

বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের জন্য ১০টি জরুরি নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের করণীয় ও বর্জনীয় বিষয়ে এসব নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী কর্মীদের কর্মরত দেশের আইন, বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা, স্থানীয় সাইবার আইন এবং ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলতে হবে। পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে হবে।

এ ছাড়া চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থল-সংক্রান্ত কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করার আগে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করতে হবে। অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল বা বার্তার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং অনলাইন প্রতারণা (স্ক্যাম) ও ফিশিং থেকে সাবধান থাকতে হবে।

মন্ত্রণালয় আরও বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহার করতে হবে। কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করতে হবে এবং সন্দেহজনক বা উসকানিমূলক অনলাইন কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে প্রবাসী কর্মীদের জন্য বেশ কয়েকটি বর্জনীয় বিষয়ও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন-সংশ্লিষ্ট কোনো পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য বা প্রচার না করা এবং গুজব, ভুয়া তথ্য বা বিদ্বেষমূলক বক্তব্য প্রচার থেকে বিরত থাকা।

এ ছাড়া ইসরায়েল-ফিলিস্তিন, ইরান-ইসরায়েল বা অন্যান্য আন্তর্জাতিক সংঘাত নিয়ে কর্মরত দেশের আইন লঙ্ঘন করতে পারে—এমন উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট শেয়ার বা প্রচার না করার আহ্বান জানানো হয়েছে। কর্মরত দেশে নিষিদ্ধ কোনো রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশগ্রহণ না করা এবং যথাযথ যাচাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অনুদান না দেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা বা নিরাপত্তা-সংক্রান্ত স্থানের ছবি বা ভিডিও ধারণ বা প্রকাশ করা যাবে না। নিজের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক তথ্য কিংবা অন্যান্য ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ থেকেও বিরত থাকতে হবে।

এ ছাড়া ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ উসকে দিতে পারে—এমন পোস্ট, মন্তব্য বা বিতর্কে অংশ না নেওয়া, ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন, সন্দেহজনক বিনিয়োগ বা ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণা থেকে দূরে থাকা এবং কোনো অপরাধ, সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডকে সমর্থন বা প্রশংসা করে পোস্ট, মন্তব্য বা প্রতিক্রিয়া না দেওয়ার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights