প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মহানগর নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক, রংপুর
জনস্বার্থকে উপেক্ষা করে হয়রানিমূলক প্রি-পেইড মিটার স্থাপন বন্ধে ৫ দফা দাবিতে রংপুরে সংবাদ সম্মেলন করেছে মহানগর নাগরিক কমিটি। বৃহস্পতিবার দুপুরে রংপুর সাহিত্য পরিষদ হলরুমে সংগঠনের সদস্য সচিব অ্যাড. পলাশ কান্তি নাগ জানান, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নেসকো নগরীর বিভিন্ন বাসা-বাড়ি, দোকানপাট, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রি-পেইডমিটার সংযোগ কার্যক্রম শুরু হয়েছে। একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নের
আগে নেসকো কর্তৃপক্ষ বিদ্যুৎ গ্রাহকদের কোন মতামত গ্রহণ করেনি। তারা জনমতের তোয়াক্কা না করেই একতরফাভাবে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করে যাচ্ছে। প্রি-পেইড মিটার স্থাপন করা হলে গ্রাহকদেরঅতিরিক্ত চার্জ পরিশোধসহ নানা হয়রানির শিকার হতে হবে। ক্যাপাসিটি চার্জের নামে বিগত ১৫ বছরে এক লাখ ৬ হাজার কোটি টাকা লোপাট হয়েছে।
এমনকি বিদ্যুতের প্রি-পেইড মিটারের নামে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে ৫শ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। সেই দুর্নীতির বোঝা জনগণের ঘাড়ে চাপাচ্ছে বিদ্যুৎ বিভাগ।
এ সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ বিষয়ক উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে হয়রানিমূলক প্রি-পেইড মিটার স্থাপন, প্রতিমাসে ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ, মিটার ভাড়া আদায়, গণশুনানি ব্যতিত গ্রাহকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ বন্ধ করে বিদ্যুতের মূল্যবৃদ্ধি রোধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা, বিগত সরকারের আমলেবিদ্যুৎখাতে অনিয়ম-দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং ঘুষ-দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করে বিদ্যুৎ বিভাগকে সত্যিকার অর্থেই একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর নাগরিক কমিটির আহবায়ক অধ্যাপক মোজাহার আলী, সংগঠক নৃপেন্দ্র নাথ প্রমুখ।
