ফরিদপুরে প্রচারে সম্ভাব্য প্রার্থীরা
কামরুজ্জামান সোহেল, ফরিদপুর
স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এমন খবরে নড়েচড়ে বসেছেন ফরিদপুর পৌরসভা নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচনের তফসিল কিংবা দিনক্ষণ নির্ধারিত না হলেও প্রার্থীরা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে কর্মকাণ্ড চালাচ্ছেন। ২৭টি ওয়ার্ড নিয়ে গড়ে ওঠা ফরিদপুর পৌরসভার বিশাল এলাকাজুড়ে সম্ভাব্য প্রার্থীদের নানা প্রচার লক্ষ করা যাচ্ছে। ক্ষমতাসীন বিএনপির বেশ কয়েকজন নেতা জোরেশোরে প্রচার কর্মসূচি চালাচ্ছেন। বিএনপি নেতারা প্রচারণার পাশাপাশি দলীয় মনোনয়ন পেতে লবিংয়ে ব্যস্ত। এদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী ঠিক না হলেও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ছেলে আলী আহমদ তাহকীকের নাম আলোচনায় রয়েছে। এ ছাড়া অন্য দলের প্রার্থীদের নাম শোনা গেলেও তাদের কর্মকাণ্ড তেমন চোখে পড়েনি।
বিএনপি থেকে প্রচারণায় আছেন দলটির জেলা কমিটির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম, মহানগর যুবদল সভাপতি বেনজির আহমেদ তাবরিজ। দলের সম্ভাব্য প্রার্থী এ কে এম কিবরিয়া স্বপন বলেন, ‘সবসময় মানুষের সেবায় কাজ করেছি। আগামীতেও তাদের পাশে থাকতে চাই। আশা করছি দল আমাকে মূল্যায়ন করবে।’ আরেক সম্ভাব্য প্রার্থী এ এফ এম কাইয়ুম বলেন, ‘দীর্ঘদিন ধরে পৌরবাসীর সেবা করে আসছি, সামনের দিনগুলোতেও এ ধারা অব্যাহত রাখতে চাই।’ মনোনয়নপ্রত্যাশী সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল বলেন, ‘নিজ উদ্যোগে নগরবাসীর যথাসাধ্য সেবা করে যাচ্ছি, মেয়র নির্বাচিত হতে পারলে সেবা করার আরও বড় সুযোগ থাকবে।’
