ফল প্রকাশের ৫ দিন আগে লাশ হয়ে বাড়ি ফিরল এসএসসি পরীক্ষার্থী আলিফ

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গোসল করতে নেমে দুইদিন ধরে নিখোঁজ থাকা এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে হোসেন্দী এলাকার সিটি অর্থনৈতিক অঞ্চল সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কিশোরের আলিফ (১৬) গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের ফয়সাল প্রধানের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
চলতি বছর স্থানীয় ভবেরচর ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলো।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহত আলিফের বন্ধু আরাফাত হোসেন বলেন, রবিবার (৫ মে) আমরা নয়জন বন্ধু মিলে দুপুর সাড়ে বারোটার দিকে মেঘনা সেতুর নিচে গোসল করতে নামি। আমাদের মধ্যে সবাই সাঁতার জানলেও একমাত্র আলিফ সাঁতার জানতো না। আমরা সাতরে কিছুটা দূরে গিয়ে গোসল করছিলাম। আলিফ নদীর কিনারায় ছিল। সে সাতরে আমাদের কাছে আসতে চাইলে স্রোতের তোড়ে ভেসে যায়। তাৎক্ষণিকভাবে সবাই মিলে তাকে খোঁজাখুঁজি শুরু করি। দীর্ঘক্ষণেও তার কোন হদিস না পেলে তার পরিবার এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

বিষয়টি সম্পর্কে গজারিয়ায় থানার অফিসার ইনচার্জ মো. রাজিব খান বলেন, মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। আইনগত প্রক্রিয়া শেষে এটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights