ফিফার রুলবুকে আটকে গেল আর্জেন্টিনার ‘১০ নম্বর’ জার্সির অবসর

অনলাইন ডেস্ক

আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। মেসির বিদায়ে আর্জেন্টিনা হারাতে যাচ্ছে এক কিংবদন্তিকে। কিন্তু তাঁর সঙ্গে শেষ হচ্ছে না আলবিসেলেস্তেদের ঐতিহাসিক ১০ নম্বর জার্সির অধ্যায়। মেসির সম্মানে জার্সিটি চিরতরে তুলে রাখার পরিকল্পনা থাকলেও ফিফার নিয়মের কারণে তা সম্ভব হচ্ছে না।

২০০৯ সাল থেকে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি গায়ে অসংখ্য স্মরণীয় মুহূর্তের জন্ম দিয়েছেন মেসি। বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জয়ের মাধ্যমে দেশের ফুটবল ইতিহাসে নিজের নামকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন এই মহাতারকা।

মেসির বিদায়ী ম্যাচের আগে তাকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া ১০ নম্বর জার্সিটি অবসরে পাঠানোর পরিকল্পনা করেছিলেন। ভবিষ্যতে আর কোনো খেলোয়াড়ের গায়ে এই নম্বর না তোলার কথা ভাবা হয়েছিল।

কিন্তু সেই আবেগঘন পরিকল্পনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ফিফার নিয়ম। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ ও কোপা আমেরিকার মতো বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া দলকে ১ থেকে ২৬ নম্বর পর্যন্ত জার্সি ব্যবহার করতে হয়। ফলে ১০ নম্বর জার্সি স্থায়ীভাবে বাদ দেওয়ার কোন সুযোগ নেই।

তবে প্রীতি ম্যাচে বিশেষ পরিস্থিতিতে জার্সিটি খালি রাখার সুযোগ থাকলেও প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক টুর্নামেন্টে কোনো একজন খেলোয়াড়কে ১০ নম্বর জার্সি পরতেই হবে।

আগামী মঙ্গলবার বুয়েনস এইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে নিজের ২০৮তম ও শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন ৩৯ বছর বয়সী মেসি।

তাই মেসির আন্তর্জাতিক অধ্যায় শেষ হলেও আর্জেন্টিনার ১০ নম্বরের গল্প থামছে না। আবারও নতুন কোনো আর্জেন্টাইন তারকার গায়ে শোভা পাবে বিশ্ব ফুটবলের এই ঐতিহাসিক ১০ নম্বর জার্সি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights