ফ্রান্সে ছাত্র বিক্ষোভ, ৪০০ বিদ্যালয়ে অচলাবস্থা
অনলাইন ডেস্ক
শিক্ষক ও কর্মী সংকট, অতিরিক্ত শিক্ষার্থী, দীর্ঘ ক্লাস সূচি এবং জরাজীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবাদে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আন্দোলনের কারণে মঙ্গলবার দেশজুড়ে প্রায় ৪০০ বিদ্যালয়ে কার্যক্রম ব্যাহত হয়েছে। কোথাও কোথাও বিক্ষোভ সহিংস রূপ নেওয়ায় শত শত মানুষকে আটক করেছে পুলিশ।
বিবিসি ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিস থেকে শুরু হওয়া এই বিক্ষোভ পরে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। লিলসহ কয়েকটি শহরে শিক্ষার্থীরা আবর্জনার স্তূপে আগুন দেয় এবং পুলিশের দিকে বোতল, পাথরসহ বিভিন্ন বস্তু ছুড়ে মারে। পুলিশ কয়েকটি স্থানে কাঁদানে গ্যাস ব্যবহার করে।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দেশজুড়ে ৪৪০ জনকে আটক করা হয়েছে। সংঘর্ষে ৪৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। অন্যদিকে দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ৩ হাজার ৭০০ বিদ্যালয়ের মধ্যে ৪০০টিতে বিক্ষোভ বা কার্যক্রমে বিঘ্ন ঘটেছে।
শিক্ষার্থীদের সংগঠনগুলো বলছে, অনেক শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা ৩২ থেকে ৩৫ জন পর্যন্ত এবং শিক্ষক ও কর্মীর ঘাটতির কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। দীর্ঘ সময়ের ক্লাস সূচি নিয়েও রয়েছে ক্ষোভ।
এদিকে আন্দোলনের পাশাপাশি ফরাসি ইউনিয়নগুলো সরকারের বাজেট পরিকল্পনার বিরুদ্ধেও ধর্মঘট পালন করেছে। আগামী বছরের বাজেট পরিকল্পনায় সরকারি ব্যয় ৫ কোটি ৪০ লাখ ইউরো কমানোর প্রস্তাব রয়েছে।
ফ্রান্সের শিক্ষামন্ত্রী এদুয়ার্দ গেফ্রে জানিয়েছেন, বিক্ষোভে সহিংসতার ঘটনায় ৬৫ জন শিক্ষক ও বিদ্যালয়কর্মী আহত হয়েছেন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। পরিস্থিতির কারণে কিছু প্রতিষ্ঠানে অনলাইন বা দূরশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে।
সরকার বিক্ষোভের সহিংস ঘটনাগুলোকে ‘শহুরে সহিংসতা’ হিসেবে বর্ণনা করেছে। তবে শিক্ষার্থী সংগঠনগুলোর দাবি, তারা শিক্ষা খাতে ন্যায্য ও সমান সুযোগ এবং প্রয়োজনীয় জনবল ও সম্পদের দাবিতে আন্দোলন করছে।
সূত্র: গার্ডিয়ান
