বগুড়ার উন্নয়নে যা যা সম্ভব সব করা হবে : আতিকুর রহমান রুমন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, বগুড়ার উন্নয়নে যা যা সম্ভব সব করা হবে। এজন্য সবার আগে বগুড়াবাসীকে ঐক্য থাকতে হবে। বুধবার দুপুরে পৌরপার্কে ৫ দিনব্যাপী বৈশাখী মেলার ২য় দিনে বগুড়া সাংস্কৃতিক ফোরাম আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই বগুড়ার কৃতি সন্তান। তাঁর নেতৃত্বে উন্নয়ন বঞ্চিত বগুড়ার উন্নয়ন হবে। দীর্ঘ ১৭ বছর বগুড়ার মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এখন সময় এসেছে সেই অধিকার ফিরে নেওয়ার।

তিনি বলেন, বগুড়ায় সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে সব ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে উন্নয়ন হবে। বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাবটি অনুমোদিত হয়েছে। যা আগামী ২০ এপ্রিল আনুষ্ঠানিক ঘোষণার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা-সিরাজগঞ্জ-বগুড়া রেললাইন এবং একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে। যার মাধ্যমে দীর্ঘদিনের অবহেলিত বগুড়ার চিত্র বদলে যাবে।

মেলা উদযাপন পরিষদের আহ্বায়ক মোজাম্মেল হক লালুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. শোকরানা, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, সাংগঠনিক সম্পাদক শহিদ উন-নবী সালাম, বগুড়া সাংস্কৃতিক ফোরাম-এর প্রধান সমন্বয়কারী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক কালাম আজাদ, বগুড়া সাংস্কৃতিক ফোরাম-এর সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ খন্দকার, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, বগুড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, হোটেল নাজ গার্ডেন এর ব্যবস্থাপনা পরিচালক শাফিন আহমেদ রন্টি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights