‘বলিষ্ঠ ভূমিকা পালন করে অবিস্মরণীয় ব্যক্তিত্বে পরিণত হন শেরে বাংলা এ কে ফজলুল হক’

অনলাইন ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে আমি তাকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। এ দেশের মানুষের ন্যায্য অধিকার আদায়ে তার অবদান কখনোই ভুলবার নয়। ঔপনিবেশিক শক্তির অমানবিক, অন্যায় ও চাপিয়ে দেওয়া কঠোর শাসনের বিরুদ্ধে সোচ্চার সংগ্রামে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করে ইতিহাসে অবিস্মরণীয় ব্যক্তিত্বে পরিণত হন।

শুক্রবার (২৬ এপ্রিল) শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ কথা বলেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, এ দেশের কৃষক সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ঋণ সালিসি বোর্ড গঠন তার একটি যুগান্তকারী ও ঐতিহাসিক পদক্ষেপ। তিনি ছিলেন বহুগুণে গুণান্বিত অসাধারণ প্রতিভার অধিকারী একজন মহান ব্যক্তিত্ব। আমাদের জাতীয় ইতিহাসে তার অবদানের গুরুত্ব অপরিসীম।
তিনি আরও বলেন, স্বাধিকার ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে তিনি এ দেশের মানুষকে যে দীক্ষা দিয়েছিলেন সেটির পথ ধরে চলতে গিয়েই আমরা বিশ্বদরবারে এখন সাহসী জাতি হিসেবে পরিচিত। দেশ এবং জাতির কল্যাণে অবদানের জন্য তিনি ইতিহাসে অমর হয়ে থাকবেন।

অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা আবুল কাশেম (এ কে) ফজলুল হক ১৯৬২ সালের ২৭ এপ্রিল মারা যান। তার জন্ম ১৮৭৩ সালে ২৬ অক্টোবর ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের মিঞা বাড়িতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights