বসতঘরে কিং কোবরা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে একটি বসতঘর থেকে বিষধর কিং কোবরা (রাজ গোখরা) উদ্ধার করেছে বন বিভাগ। পরে বন বিভাগের সদস্যরা সাপটিকে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার গভীর জঙ্গলে অবমুক্ত করেন। স্থানীয়রা জানান, বুধবার একটি বসতবাড়ির লোকজন খাটের নিচে বড় আকৃতির একটি সাপ দেখতে পান। মুহূর্তেই বাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাপটি ছোবল দেওয়ার চেষ্টা করলে আতঙ্ক আরও বেড়ে যায়। একপর্যায়ে সাপটি ঘর থেকে বেরিয়ে এলে সাবরাং গ্রামের বাড়ির মালিক আবদুল গফুর কৌশলে সেটিকে একটি বস্তার মধ্যে আটকে ফেলেন। পরে বিষয়টি বন বিভাগকে জানানো হয়। খবর পেয়ে শিলখালী রেঞ্জের অধীন রাজারছড়া বিটের বিট কর্মকর্তাসহ বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করে। বন বিভাগ জানায়, উদ্ধার করা সাপটি কিং কোবরা বা রাজ গোখরা। এটি বিষধর ও বড় আকৃতির সাপ হিসেবে পরিচিত। বুধবার বিকালের দিকে শিলখালী রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলামের নেতৃত্বে সাপটিকে লোকালয় থেকে দূরে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। এ সময় বনরক্ষক হাবিব হোসেন, ইআরটি ও সিপিজির সদস্যরা উপস্থিত ছিলেন। বন বিভাগের সদস্যরা সাপটিকে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার হাজি মোজাহের স্টেডিয়ামের পূর্ব পাশে গভীর জঙ্গলে নিয়ে যান। সেখানে সাপটিকে অবমুক্ত করা হয়। বন বিভাগের কর্মকর্তারা বলছেন, বন্যপ্রাণী ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই লোকালয়ে ঢুকে পড়া বন্যপ্রাণীকে হত্যা না করে উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করাই সঠিক পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights