বাগান সৃজনের নামে ফটিকছড়িতে ৫ শতাধিক গাছ কাটার অভিযোগ
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়িতে নতুন রাবার বাগান সৃজনের নামে কোনো ধরনের নোটিশ বা পূর্ব ঘোষণা ছাড়াই এক কৃষকের প্রায় পাঁচ শতাধিক বনজ ও ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে রাঙ্গামাটিয়া রাবার বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে। এতে প্রায় ২০ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক আমিনুল হক।
এ ঘটনায় প্রতিকার ও সুষ্ঠু বিচার চেয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক।
অভিযোগ সূত্রে জানা গেছে, ফটিকছড়ি উপজেলার দক্ষিণ কাঞ্চননগর মৌজার ৫ একর ২৪ শতক টিলাভূমিতে বিভিন্ন প্রজাতির কয়েকশ ফলদ ও বনজ গাছ রোপণ করেছিলেন উত্তর রাঙ্গামাটিয়া এলাকার কৃষক আমিনুল হক। সম্প্রতি রাঙ্গামাটিয়া রাবার বাগান কর্তৃপক্ষ ওই জায়গায় নতুন বাগান সৃজনের নামে কোনো ধরনের নোটিশ ছাড়াই গাছগুলো কেটে ফেলে বলে অভিযোগ করা হয়েছে।
ক্ষোভ প্রকাশ করে আমিনুল হক বলেন, “এই জায়গাটি রাঙ্গামাটিয়া রাবার বাগান থেকে বেশ দূরে এবং আমাদের পূর্বপুরুষদের আমল থেকে আমাদের দখলে রয়েছে। মাথার ঘাম পায়ে ফেলে আমরা গাছগুলো বড় করেছি। কিন্তু হঠাৎ করে কোনো নোটিশ ছাড়াই সব গাছ কেটে ফেলা হয়েছে। এতে আমি এখন নিঃস্ব হয়ে পড়েছি। প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গামাটিয়া রাবার বাগানের ব্যবস্থাপক কে এম মাহবুব আলম মুঠোফোনে জানান, তিনি বর্তমানে অফিসের বাইরে রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান তিনি।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভুক্তভোগী কৃষকের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
