বান্দরবানে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পুকুরে ডুবে ডায়মন্ড পার বম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে সোয়ানলু পাড়া এলাকার পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে পাড়ার আরও দুই শিশুর সঙ্গে গোসল করতে পুকুরে নামে ডায়মন্ড পার বম। এক পর্যায়ে পা পিছলে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। পরে একই পাড়ার বাসিন্দা জিনসাং থান বম গোসল করতে এসে পুকুরপাড়ে থাকা দুই শিশুর মাধ্যমে জানতে পারে তাদের সঙ্গে থাকা শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ সময় পাড়ে ডায়মন্ড পার বমের জুতা দেখতে পেয়ে জিনসাং থান বম দ্রুত পুকুরে নেমে খোঁজাখুঁজি করে পানির নিচ থেকে কন্যা শিশুটিকে উদ্ধার করেন। পরে দ্রুত রোয়াংছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডায়মন্ড পার বমকে মৃত ঘোষণা করে।

রোয়াংছড়ি থানার ওসি মোহাম্মদ হুমায়ূন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডুবে যাওয়া ডায়মন্ড পার বম সোয়ানলু পাড়ার বাসিন্দা লাল রও পুই বমের কন্যা। তিনি জানান, ডায়মন্ড পার বমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights