বিএনপি আইনের বাইরে কিছুই করবে না: এমপি নিলুফার চৌধুরী

জামালপুর প্রতিনিধি

দেশের পরবর্তী রাষ্ট্রপতির বিষয়ে সংসদ সদস্য ড. নিলুফার চৌধুরী মনি বলেছেন, অনেকের নামই শোনা যাচ্ছে, পত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতেও দেখেছি। সম্ভাব্য নামগুলো থেকে হয়ত কেউ একজন হবেন।

তিনি বলেন, ‘বিএনপি সংবিধানের বাইরে, আইনের বাইরে কিছুই করবে না। এইটুকু বলতে পারি, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, উনি হিংসার রাজনীতি করেন না, উনি বিচারের রাজনীতি করেন, বিচারে যেটা হবে, সেটাই শিরোধার্য।’

শুক্রবার বিকালে জামালপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী আলোচনা সভায় নিলুফার চৌধুরী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘অসুস্থতাজনিত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, আমরা চিঠিতে সেটাই দেখেছি। তিনি যে অসুস্থ বিদেশে চিকিৎসা নিতে গিয়েছিলেন সেটাও প্রমাণিত। অসুস্থতাজনিত কারণে একজন রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন গণতান্ত্রিক ভাষায় এখানে কিছুই বলার নেই।’

এদিন বিকালে শহরের শফি মিয়ার বাজার মোড় থেকে ড. নিলুফার চৌধুরী মনির নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আলোচনা সভায় জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান সভাপতিত্ব করেন। সভায় জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবাহান, যুবদল নেতা ইকরামুল হক মানিকসহ অন্যরা বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights