বিএনপি নেতা সালাহউদ্দিনের দেশে ফেরার বাধা কাটল
অনলাইন ডেস্ক
ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক বাংলাদেশের সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বাংলাদেশ সরকারের ট্রাভেল পাস সংগ্রহ করেছেন। মঙ্গলবার গোহাটির বাংলাদেশ মিশন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (১২ জুন) দিবাগত রাত ১১টার দিকে ট্রাভেল পাস হাতে পান ভারতে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।
সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, সোমবার রাতে তিনি ট্রাভেল পাস হাতে পেয়েছেন। এটি গত ৮ জুন ইস্যু করা হয়েছে। এখন ভারতে কিছু আইনি প্রক্রিয়া রয়েছে, সেগুলো সম্পন্ন করবেন তিনি। একই সঙ্গে শারীরিক চেক-আপ করাবেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ১০ মার্চ রাতে ‘নিখোঁজ’ হন সালাহউদ্দিন আহমেদ। তখন তিনি দলের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন। সে সময় তার পরিবার ও দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের ১৩/বি নম্বর সড়কে ৪৯/বি নম্বর বাড়ির, ২/বি নম্বর ফ্ল্যাট থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সালাহউদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর দুই মাস নিখোঁজ থাকার পর ভারতের মেঘালয়ের শিলং শহরে তাকে উদ্ধার করে সে দেশের নিরাপত্তা বাহিনী। এরপর সালাহউদ্দিনের বিরুদ্ধে দেশটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা হয়।
প্রায় সাড়ে তিন বছর মামলার কার্যক্রম চলার পর ২০১৮ সালের ১৩ আগস্ট বিচারিক প্রক্রিয়া শেষ হয়। এরপর ওই বছরের ২৬ অক্টোবর নির্দোষ হিসেবে রায় পান সালাহউদ্দিন আহমেদ। পরে আবার সরকারপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল করে। আদালত পরে তাকে বেকসুর খালাস দেয়। ২৮ ফেব্রুয়ারি ভারতের শিলংয়ের জজ কোর্টের রায়ে তিনি বেকসুর খালাস পান।
