বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে তিন দিনব্যাপী মেলা শুরু আজ
কক্সবাজার প্রতিনিধি
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী নানা বর্ণাঢ্য আয়োজন ও মেলা শুরু হচ্ছে আজ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে সমুদ্র সৈকত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে এর সূচনা হলেও আনুষ্ঠানিকভাবে মেলাটির উদ্বোধন করা হবে দুপুরে।
‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’, প্রতিপাদ্যে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কক্সবাজারেও দিবসটি পালন উপলক্ষে জমজমাট আয়োজন রয়েছে বলে জানিয়েছেন, কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির সমন্বয়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহান।
প্রথম দিনের বিকালে থাকবে লোকজ সংগীত, ফায়ার শো ও ব্যান্ড শো। দ্বিতীয় দিন ২৬ সেপ্টেম্বর সকালে পুনরায় সৈকত পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হবে। একই দিন বিকাল ৩টায় সৈকত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। পরে সুফি, কাওয়ালি, ফোক ও ডুয়েট গান পরিবেশিত হবে।
সমাপনী দিন (২৭ সেপ্টেম্বর) রবিবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সকাল ৯টায় সুগন্ধা পয়েন্ট থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা সভা আয়োজন করা হয়েছে। বিকাল ৩টায় ঘুড়ি উৎসব, বিকাল ৪টায় সি সেফ লাইফগার্ডের জরুরি সেবা ও ফার্স্ট এইড কার্যক্রম প্রদর্শনী, ৫টায় জেলা শিল্পকলা একাডেমি এবং শিশু অ্যাকাডেমির শিক্ষার্থীদের পরিবেশনা থাকবে। এছাড়া রাখাইন নৃত্য, বিদ্যানন্দ ফাউন্ডেশনের চাকমা, ম্রো ও রাখাইন নৃগোষ্ঠীর নাচ প্রদর্শিত হবে। একই দিন রাত ৮টার পর ‘আঁলা’ পরিবেশনার মধ্য দিয়ে তিন দিনের এই মেলার পর্দা উঠবে।
পর্যটন জোনের লাবণী পয়েন্টে সৈকতের উন্মুক্ত মঞ্চে প্রতিদিন বিকাল থেকে এশা পর্যন্ত সময় তিনদিনের আয়োজন উপভোগ করতে পারবেন পর্যটক-দর্শনার্থীরা।
মেলায় থাকবে কক্সবাজারের ঐতিহ্যবাহী খাবার ও পোশাকের অর্ধশতাধিক স্টল।
