বিশ্বকাপের দলে ঢোকার শেষ সুযোগ অশ্বিনের!

অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুক্রবার এক দিনের ম্যাচ খেলতে নামবে ভারত। কিন্তু নজর থাকবে রবিচন্দ্রন অশ্বিনের দিকে। বিশ্বকাপের আগে বিশ্রাম দেওয়া হয়েছে কুলদীপ যাদবকে। চোট রয়েছে অক্ষর পাটেলের। এই দুই স্পিনার না থাকায় সুযোগ এসেছে অশ্বিনের কাছে। ভারতীয় অফ স্পিনার যদি এই সিরিজে নজর কাড়তে পারেন তা হলে বিশ্বকাপের দলেও তার জায়গা হওয়ার সুযোগ রয়েছে।

অশ্বিন অভিজ্ঞ ডানহাতি স্পিনার। বিশ্বকাপের জন্য যে ভারতীয় দল বেছে নেওয়া হয়েছে তাতে কোনও ডানহাতি স্পিনার নেই। কুলদীপ, অক্ষর এবং রবীন্দ্র জাদেজা বাঁহাতি স্পিনার। তাই প্রশ্ন উঠছে কেন কোনও বাঁহাতি স্পিনারকে নেওয়া হয়নি। অক্ষর এবং জাদেজা একই ধরনের ক্রিকেটার। তাদের দু’জনকে একসঙ্গে খেলানো কঠিন হবে। তাই অশ্বিন অথবা যুজবেন্দ্র চহালকে দলে নেওয়ার কথা উঠছে। চহালকে যদিও সুযোগ দেওয়া হয়নি। অশ্বিন সুযোগ পাওয়ায় তাকে বিশ্বকাপের দলেও দেখা যেতে পারে বলে মনে করছেন অনেকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচে ভাল খেললে সেই দাবি আরও জোরালো হবে।

অস্ট্রেলিয়া দলে একাধিক বাঁহাতি ব্যাটার। সেই দলে ডেভিড ওয়ার্নার, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারির মতো একাধিক বাঁহাতি ব্যাটার রয়েছেন। তাদের বিরুদ্ধে অশ্বিন কার্যকর হতে পারেন। প্যাট কামিন্সদের কাছে এই সিরিজ বিশ্বকাপের আগে শেষ মহড়া। সেখানে প্রায় পূর্ণ শক্তি নিয়েই নামবে তারা। সেই দলের বিরুদ্ধে অশ্বিন ভাল খেলেন কি না দলও সেই দিকে নজর রাখবে। যদিও ম্যাচের আগের দিন কোচ রাহুল দ্রাবিড় বলেন, “অশ্বিন দলে আসায় অভিজ্ঞতা বাড়ল। সেই সঙ্গে আট নম্বরে নেমে ব্যাট হাতেও দলকে সাহায্য করতে পারবে ও। যদিও এই সিরিজ অশ্বিনের জন্য কোনও পরীক্ষা হতে যাচ্ছে না। অশ্বিনের কাছে এক দিনের ক্রিকেটে শুধু আরও একটা সুযোগ।”
অশ্বিন শেষবার এক দিনের ম্যাচ খেলেছিলেন গত বছর জানুয়ারিতে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছিলেন তিনি। এত দিন পর বিশ্বকাপের আগে তাকে দলে ফেরানো দ্রাবিড় শুধুই একটা সুযোগ বললেও অনেকের মতে এটা বিশ্বকাপের সুযোগ। অভিজ্ঞ অশ্বিনও চাইবেন সেটা কাজে লাগাতে। অক্ষর সুস্থ না হলে ৮ অক্টোবর চেন্নাইয়ের মাঠেও যে অশ্বিনকে দেখা যাবে না, তা জোর দিয়ে বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights