বিশ্বকাপের স্বপ্নভঙ্গ, উয়েফার নিয়ম নিয়ে প্রশ্ন তুলল ইতালি
স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে টানা তিনবার ব্যর্থ হওয়ায় চরম হতাশায় ভুগছে চারবারের চ্যাম্পিয়ন ইতালি। শেষ পর্যন্ত আজ্জুরিরা এইবারও দর্শকের ভূমিকায় থাকবেন। প্লে-অফের ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে পেনাল্টিতে হেরে বিশ্বমঞ্চের পথ বন্ধ হওয়ায় দলের কর্মকর্তা ও সমর্থকদের মধ্যে ক্ষোভ তুঙ্গে।
ইতালির হতাশা শুধু ফলাফলের কারণে নয়; উয়েফার নির্দিষ্ট নিয়ম তাদের ক্ষোভকে আরও দ্বিগুণ করেছে। গ্রুপপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে ১৮ পয়েন্ট সংগ্রহের পরও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে পারেনি জেন্নেরো গাত্তুসোর দল। নরওয়ের কাছে হারের কারণে ফাইনালে পৌঁছলেও, বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপে অনেক শক্তিশালী দলের তুলনায় বেশি পয়েন্ট থাকা সত্ত্বেও বিদায় নিতে হয়েছে ইতালিকে।
বিশেষ করে ইউরোপের মাঠে সুইডেনের ‘বিতর্কিত’ যোগ্যতা অর্জন ইতালির ক্ষোভ আরও বাড়িয়েছে। গ্রুপপর্বে একটিও ম্যাচ জেতা হয়নি সুইডেনের, তবু নেশন্স লিগের মাধ্যমে তারা প্লে-অফে পৌঁছে ফাইনালে পোল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।
ইতালি ফুটবল কর্মকর্তারা অভিযোগ করেছেন, ইউয়েফার এই ফরম্যাটে ধারাবাহিক পারফরম্যান্সের তুলনায় কিছু পথকে অযৌক্তিকভাবে বেশি সুবিধা দেওয়া হচ্ছে। সামাজিক মাধ্যমে সমর্থকরা তাদের ক্ষোভ প্রকাশ করে লিখেছেন,’এটা বোঝার বাইরে, এমন পারফরম্যান্স করেও কেউ বাদ পড়ে, আবার কেউ এমন ফল নিয়ে বিশ্বকাপে চলে যায়।’
