বিশ্বনাথে চড়া সবজির বাজার

সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ (সিলেট)

সিলেটের বিশ্বনাথের বাজারে উঠতে শুরু করেছে আগাম শীতকালীন সবজি। তবে নতুন সবজি বাজারে এলেও কমেনি দাম। বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে ১০০ টাকার বেশি দামে। কোনো কোনো সবজির কেজি ছুঁয়েছে ২০০ টাকা। এতে নিত্যপ্রয়োজনীয় সবজি কিনতে গিয়ে চাপে পড়েছেন স্বল্প ও নিম্ন আয়ের মানুষ।

সরেজমিনে বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজার ও পুরান বাজারের সবজির হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে প্রতি কেজি শিম ও কাঁচা মরিচ ২০০ টাকা, গাজর ১৪০, টমেটো ও ফুলকপি ১২০, বরবটি ১০০, লাউ ৮০ থেকে ১০০, কচুর লতি, বাঁধাকপি ও করলা ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়া মুকি ৬০, শসা ও ঢেঁড়স ৫০, পেঁপে ও আলু ৩০ টাকা এবং কাঁকরোল, ধুন্দল, চিচিঙ্গা, ঝিঙা ও মুলা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চড়া দামে সবজি বিক্রি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তাদের অভিযোগ, বাজারে আগাম শীতকালীন সবজি উঠতে শুরু করলেও দাম কমার কোনো লক্ষণ নেই। ফলে সীমিত আয়ের মানুষের সংসারে সবজির খরচ বাড়ছে।

পৌরশহরের টমটমচালক শাহ আলম বলেন, দিনভর যা আয় করি, তা দিয়ে সংসার চালানোই কঠিন। এর মধ্যে বাজারে সবজির যে দাম, তাতে সবজি কিনতেও হিমশিম খেতে হচ্ছে। আগে যে টাকায় প্রয়োজনমতো কয়েক ধরনের সবজি কিনতাম, এখন সেই টাকায় দু-এক পদের সবজি নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে।

এক সবজি বিক্রেতা বলেন, আমরা পাইকারি বাজার থেকে বেশি দামে সবজি কিনে আনছি। এরপর অল্প মুনাফা যোগ করে বিক্রি করতে হচ্ছে। পাইকারি বাজারে দাম কমলে আমরাও কম দামে বিক্রি করতে পারব। পরিবহন খরচসহ নানা কারণে সবজির দাম বাড়তি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম বলেন, বাজারে সবজির দাম পর্যবেক্ষণ করা হচ্ছে। কেউ অযৌক্তিকভাবে বেশি দামে সবজি বিক্রি করছে কি না, তা খতিয়ে দেখা হবে। বাজারে কোনো ধরনের কারসাজি বা অতিরিক্ত মুনাফা আদায়ের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights