বিশ্ববাজারে স্বর্ণের দামের প্রভাবে বাড়ল রিজার্ভ

অনলাইন ডেস্ক
বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে থাকা স্বর্ণের আর্থিক মূল্যও বেড়েছে। তবে গত অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের মজুত স্বর্ণের পরিমাণে কোনো পরিবর্তন হয়নি।

বাংলাদেশ ব্যাংকের ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের কাছে মোট ৪ লাখ ৫৯ হাজার ১৬৩ দশমিক ৫২ ট্রয় আউন্স স্বর্ণ মজুত ছিল। ২০২৫-২৬ অর্থবছর শেষেও মজুত স্বর্ণের পরিমাণ একই রয়েছে।

২০২৪-২৫ অর্থবছর শেষে বাংলাদেশ ব্যাংকের হাতে থাকা স্বর্ণের মোট আর্থিক মূল্য ছিল ১১ হাজার ১৪ কোটি ১০ লাখ টাকা। গত অর্থবছর শেষে সেই মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৩৬ কোটি ৬২ লাখ টাকায়।

অর্থাৎ স্বর্ণের পরিমাণ অপরিবর্তিত থাকলেও বিশ্ববাজারে দাম বাড়ায় এর মূল্য বেড়েছে প্রায় ২ হাজার ৪২২ কোটি ৫২ লাখ টাকা। কেজির হিসাবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে বর্তমানে প্রায় ১৪ হাজার ২৭৮ কেজি স্বর্ণ রয়েছে।

এর আর্থিক মূল্য প্রায় ১৩ হাজার ৪৩৬ কোটি টাকা। মজুত এই স্বর্ণের বড় অংশ যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব ইংল্যান্ডে সংরক্ষিত রয়েছে। বাকি স্বর্ণ কয়েকটি আন্তর্জাতিক ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ভল্টে রাখা আছে।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমা-বাড়ার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে থাকা স্বর্ণের মূল্যও কমে-বাড়ে। অর্থবছর শেষে আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়। গত অর্থবছরে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশ ব্যাংকের মজুত স্বর্ণের মূল্যমানও বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights