বৃষ্টির আভাস রাজশাহী-চট্টগ্রামে, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক

আগামী ২৪ ঘণ্টায় দেশের রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে দেশের অন্যান্য স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সোমবার (৭ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সেখানে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এ অবস্থায় রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া, মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৯টা থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। ওইদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার (৯ এপ্রিল) থেকে শুক্রবার (১১ এপ্রিল) পর্যন্ত দেশের আটটি বিভাগ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবার দিনে তাপমাত্রা আবার সামান্য বাড়তে পারে, রাতে তা কিছুটা কমতে পারে।

এদিকে আগামী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া অফিস আরও জানায়, ঢাকা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, রাঙামাটি, ফেনী, যশোর ও চুয়াডাঙ্গা জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

গতকাল (রবিবার) সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পাবনার ঈশ্বরদীতে ২১ মিলিমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights