ব্রিটিশ এয়ারওয়েজের বিমানের খুব কাছ দিয়ে উড়ে গেল রহস্যময় বস্তু

অনলাইন ডেস্ক

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে উড্ডয়নের পরপরই মাঝ আকাশে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানের খুব কাছ দিয়ে একটি রহস্যময় বস্তু উড়ে গেছে। যুক্তরাজ্যের বিমান দুর্ঘটনা তদন্ত বোর্ড ইউকে এয়ারপ্রক্স বোর্ড জানিয়েছে, ধাতব ওই বস্তুটি বিমানের ডান দিকের ডানার মাত্র ৫০ ফুট ওপর দিয়ে উড়ে যায়। গত ২৪ জুন এই ঘটনা ঘটলেও এর বিস্তারিত তথ্য সম্প্রতি প্রকাশ পেয়েছে।

বিমান দুর্ঘটনা তদন্ত বোর্ডের প্রতিবেদন অনুযায়ী, উড্ডয়নের পর বিমানটি যখন ৫ হাজার ৮০০ থেকে ৬ হাজার ফুট উচ্চতায় ছিল, তখন এই ঘটনা ঘটে। বস্তুটি এত দ্রুতগতিতে উড়ে যায় যে পাইলটরা কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ পাননি। তবে সৌভাগ্যবশত, পাইলটদের জরুরি কোনো পদক্ষেপ নিতে হয়নি এবং বিমানটি নিরাপদে তার ৮ ঘণ্টার যাত্রা শেষ করে নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে সক্ষম হয়।

এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে পাইলটের কাছে ওই বস্তুটি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি একে একটি ‘দ্রুতগতিসম্পন্ন ধাতব বস্তু’ হিসেবে বর্ণনা করেন। আকার জানতে চাইলে পাইলট জানান, এটি প্রায় চারটি টোস্টারের সমান বড় হতে পারে। তার ধারণা, এটি একটি ড্রোন হতে পারে, তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

তদন্ত বোর্ড জানিয়েছে, বস্তুটির আকার ও উচ্চতার কারণে সেটি আসলে কী ছিল তা তারা নিশ্চিতভাবে বলতে পারছে না। তবে বোর্ড এই ঘটনাটিকে সর্বোচ্চ ‘এ-গ্রেড’ ঝুঁকির তালিকায় রেখেছে। তাদের মতে, কোনো দুর্ঘটনা না ঘটলেও এক্ষেত্রে বড় ধরনের সংঘর্ষের ঝুঁকি ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights