ভাঙা সেতুর ৯ বছর পরও পুনর্নির্মাণ হয়নি, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের সিংড়া ও মোহাম্মদপুর ইউনিয়নের মহানপুর সড়কের উপর নির্মিত পুনর্ভবা নদীর সেতু ২০১৭ সালের বন্যায় ভেঙে যাওয়ার পর ৯ বছর পার হলেও এখনও পুনর্নির্মাণ হয়নি। ফলে যাতায়াত ও পণ্য পরিবহনে স্থানীয় মানুষ এবং কৃষকরা ব্যাপক দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়রা জানান, সেতু ভাঙার কারণে উপজেলা সদরে যেতে বিকল্প পথে প্রায় ১৬ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। কৃষকরা উৎপাদিত শাকসবজি শহরে পাঠাতে দ্বিগুণ সময় ও খরচ দিতে হচ্ছে।

মাহানপুর এলাকার শরিফ হোসেন বলেন, সেতুটি থাকলে প্রায় ১০ কিলোমিটার পথ কমে যেত এবং জীবনযাত্রা অনেক সহজ হতো।

স্থানীয় উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবীর জানিয়েছেন, সড়কটি ইতোমধ্যে উন্নয়ন করা হয়েছে এবং ভাঙা সেতুটির পরিদর্শন করা হয়েছে। বর্তমান পরিকল্পনা অনুযায়ী অনুমোদন ও বরাদ্দ মিললে দ্রুত নির্মাণকাজ শুরু করা হবে।

দিনাজপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরও (এলজিইডি) জানিয়েছে, রাস্তাটি পাকা করা হয়েছে এবং সেতুর নির্মাণ অনুমোদন ও বরাদ্দের অপেক্ষা করছে।

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম বলেন, বীরগঞ্জের সিংড়া-মাহানপুর সড়কের ভাঙা সেতুটি দীর্ঘদিন ধরে মানুষের দুর্ভোগের কারণ হয়ে আছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights