ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে পর্দা উঠল সাফ চ্যাম্পিয়নশিপের
অনলাইন ডেস্ক
দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্যতম আকর্ষণীয় দ্বৈরথ ভারত-পাকিস্তান। সেই লড়াই এবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর গ্রুপ পর্বে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ইতোমধ্যে নিজেদের শুরুর একাদশ ঘোষণা করেছে দুই দল।
পাকিস্তানের একাদশে গোলরক্ষক হিসেবে রয়েছেন ইউসুফ ইজাজ বাট। এছাড়া মোহিব উল্লাহ, মোহাম্মদ হায়ান খাত্তাক, আলমগীর আলী খান গাজী, শায়াক দোস্ত, আবদুল রহমান, সৈয়দ আলী রাজা, আলী উজাইর মাহমুদ, হারিস আলী জেব, ওয়াকার এহতিশাম ও হাসিব আহমেদ খান রয়েছেন শুরুর একাদশে।
অন্যদিকে ভারতের গোলবার সামলাবেন আরশ আনোয়ার শেখ। একাদশের বাকি খেলোয়াড়রা হলেন বিজয় ভার্গিস, অভিষেক ধনঞ্জয় সূর্যবংশী, মুহাম্মদ উভাইস মোয়িক্কাল, সুহাইল আহমেদ ভাট, মুহাম্মদ সুহাইল, রিকি জন শাবং, মাংলেনথাং কিপগেন, এন পুথেনভিট্টিল নওশাদ, এন এন জয়ন্ত প্রভু ও হমিংথানমাউইয়া।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি লড়াই। তাই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করাই থাকবে দুই দলের লক্ষ্য। এই দুই দল আছে গ্রুপ বি-তে। এই গ্রুপের অন্য দলটি হচ্ছে মালদ্বীপ।
