ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ আটক ৫

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোঃ মেহেদী হাসান চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নাল, জয়দেবপুর উপজেলার মুদি ব্যবসায়ী সানোয়ার হোসেন, মানিকগঞ্জ জেলা যুব লীগের সদস্য সৌমিত্র সরকার ওরফে মনা ও প্রাইভেটকার চালক ধামরাইয়ের রুবেল দেওয়ান।
এ তথ্য নিশ্চিত করে সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঢাকা থেকে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ভারতীয় সীমান্তে পালানোর জন্য ঝিনাইদহে আসছেন। সেসময় পুলিশ সদস্যরা বাস টার্মিনাল এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকার থেকে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীসহ ৫ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীর নামে ঢাকা আদাবর থানায় একটি হত্যা মামলাসহ দু’টি মামলা রয়েছে। তাদের মধ্যে প্রাইভেটকার চালক বাদে ৪ জনকে ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights