ভারতের বিপক্ষে কিউইদের ওয়ানডে দলে ফিরলেন তিন তারকা
অনলাইন ডেস্ক
ভারতের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দুই দফায় দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।
প্রথম তিন ম্যাচের পাশাপাশি শেষ দুই ওয়ানডের জন্য আলাদা দল সাজিয়েছে কিউইরা। শেষ দুই ম্যাচের দলে জায়গা পেয়েছেন ফিন অ্যালেন, লকি ফার্গুসন ও টিম সাইফার্ট। এদিকে কাঁধের চোট কাটিয়ে প্রথম তিন ওয়ানডের দলে ফিরেছেন রাচিন রবীন্দ্র।
আগামী ৪ নভেম্বর অকল্যান্ডের ইডেন পার্কে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। পাঁচ ম্যাচের এই সিরিজে দুই দলেরই নেতৃত্ব দেবেন নিউজিল্যান্ডের সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনার। প্রথম তিন ম্যাচের পর নিউজিল্যান্ড দলের একাংশ টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে ওয়েলিংটনে চলে যাবে। সে কারণে শেষ দুই ওয়ানডের দলে সাতজন অতিরিক্ত ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অ্যালেন ও ফার্গুসন সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালে। ওই বছরের বিশ্বকাপে ভারতের বিপক্ষে মুম্বাইয়ের সেমিফাইনালে খেলেছিলেন ফার্গুসন। অন্যদিকে, সাইফার্টের সর্বশেষ ওয়ানডে ছিল ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে, প্রায় ১৮ মাস আগে। দীর্ঘ বিরতির পর এই তিন ক্রিকেটারই ভারতের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে ফেরার সুযোগ পাচ্ছেন।
কাঁধের চোটের কারণে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে ছিটকে গেলেও ওয়ানডে দলে জায়গা পেয়েছেন রবীন্দ্র। প্রথম তিন ম্যাচের জন্য ঘোষিত দলে তার অন্তর্ভুক্তি নিউজিল্যান্ডের ব্যাটিং ও অলরাউন্ডার বিভাগকে শক্তিশালী করবে।
দল নির্বাচনে জানুয়ারিতে ভারতের মাটিতে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের দলের মূল কাঠামো ধরে রেখেছে নিউজিল্যান্ড। সেই সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল কিউইরা, যা ছিল ভারতের মাটিতে ভারতের বিপক্ষে তাদের প্রথম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়।
তবে চোটের কারণে দলে বিবেচিত হননি জাক ফোকস, উইল ও’রুর্ক ও বেন সিয়ার্স। হিপ ফ্লেক্সর, কাফ মাসল ও গোড়ালির চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন তাঁরা।
নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার শেষ দুই ওয়ানডেতেও দলের সঙ্গে থাকবেন। তাকে সহযোগিতা করবেন নর্দার্ন ডিস্ট্রিক্টসের পুরুষ দলের শক্তি ও শারীরিক সক্ষমতা বিষয়ক কোচ কোরি মাইলস। অন্যদিকে, তৃতীয় ওয়ানডের পর ওয়েলিংটনে টেস্ট সিরিজের প্রস্তুতি তদারক করবেন বোলিং কোচ জ্যাকব ওরাম ও বিদায়ী ব্যাটিং কোচ লুক রনকি। তাঁদের সঙ্গে যোগ দেবেন সদ্য নিয়োগ পাওয়া ব্যাটিং কোচ বিজে ওয়াটলিং।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেও ভারত সিরিজকে গুরুত্ব দিচ্ছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ওই বিশ্বকাপের আগে নিজেদের বেঞ্চের শক্তি যাচাই করতে চান ওয়াল্টার। তার মতে, শক্তিশালী ভারতের বিপক্ষে নিজেদের দর্শকদের সামনে খেলার পাশাপাশি নতুন ক্রিকেটারদের সামর্থ্য যাচাইয়েরও সুযোগ তৈরি হয়েছে এই সিরিজে।
ওয়াল্টার বলেন, “সবার আগে বলতে হয়, আমাদের জন্য এটি একটি বিশাল গুরুত্বপূর্ণ সিরিজ। শক্তিশালী ভারতীয় দলের বিপক্ষে নিজেদের সমর্থকদের সামনে, পরিপূর্ণ গ্যালারিতে খেলা আমাদের জন্য বিশেষ ব্যাপার।”
তিনি আরও বলেন, “ওয়ানডে বিশ্বকাপের আর মাত্র এক বছর বাকি। তাই এই ম্যাচগুলোকে বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখাও আমাদের জন্য জরুরি। শেষ দুই ওয়ানডেতে সাতজন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করার ফলে আমরা দলের গভীরতা যাচাই করতে পারব এবং বিশ্বমানের একটি দলের বিপক্ষে তাদের পারফরম্যান্স কেমন হয়, তা দেখতে পারব।”
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৪ সদস্যের দল নভেম্বরের শুরুতে ঘোষণা করবে নিউজিল্যান্ড ক্রিকেট।
প্রথম তিন ওয়ানডের জন্য নিউজিল্যান্ড দল :
মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম (উইকেটকিপার), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ, উইল ইয়ং, ব্লেয়ার টিকনার।
চতুর্থ ও পঞ্চম ওয়ানডের জন্য নিউজিল্যান্ড দল :
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ক্রিস্টিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, লকি ফার্গুসন, মিচ হে (উইকেটকিপার), নিক কেলি, টিম সাইফার্ট (উইকেটকিপার), ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।
