ভোটার না থাকলে ভোটের কোনো গুরুত্ব নেই : ইসি রাশেদা

লালমনিরহাট প্রতিনিধি

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ‌‘আগামী নির্বাচন একার পক্ষে করা সম্ভব না। নির্বাচন কমিশনের অধীনে যে সমস্ত অফিস-আদালত আছে তাদের পক্ষেও সম্ভব না। এজন্যই স্তরে স্তরে লোকের প্রয়োজন। মাঠের পরিবেশ তৈরি করা হচ্ছে। এজন্য নির্বাচনে আপনারাই গুরুত্বপূর্ণ অংশ। আপনারা না থাকলে যেমন ভোটের গুরুত্ব নেই তেমনি ভোটার না থাকলে ভোটের কোনো গুরুত্ব নেই।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ শুক্রবার বিকালে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রিজাইডিং অফিসার ও সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি।

‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিটি স্তরেই কাজ করছে জানিয়ে ইসি রাশেদা সুলতানা বলেন, ‘অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ভোটের পরিবেশ নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই।’
যে প্রার্থীই আচরণবিধি ভঙ্গ করবে তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া অপরাধের ধরণ বুঝে প্রার্থীদের সাজা দেওয়ার কথাও জানান রাশেদা সুলতানা।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সবার সমন্বয়ে কাজ করা হচ্ছে বলেও জানান এই নির্বাচন কমিশনার।

তিনি বলেন, ‘যে প্রার্থীই আচরণবিধি লঙ্ঘন করবেন, কমিশন তার বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করবে। এ কার্যক্রম আরো জোরদার হচ্ছে। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে কমিশন সচেষ্ট রয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করা হবে।’

মতবিনিময় সভায় রংপুরের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, উপ-মহাপুলিশ পরিদর্শক আব্দুল বাতেন ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

আগামী ৭ জানুয়ারির নির্বাচনে লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনে দায়িত্বপ্রাপ্ত সকল প্রিজাইডিং কর্মকর্তা এতে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights