ভোলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক সভা
অনলাইন ডেস্ক
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ গড়ে তোলার লক্ষ্যে ভোলা সদরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বসুন্ধরা শুভসংঘ ভোলা সদর উপজেলা শাখা আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার সভাপতি ও ভোলা সামাজিক সংগঠন ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক মো. শাফায়াত হোসেন (সিয়াম)।
বসুন্ধরা শুভসংঘ ভোলা সদর উপজেলা শাখার সহ-সভাপতি মো. ইফাজের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মীর আবিদ হোসেন, ভোলা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুর ফাতেমা সহ বসুন্ধরা শুভসংঘ ভোলা সদর উপজেলা শাখার সদস্যরা।
বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার সভাপতি মো. শাফায়াত হোসেন সিয়াম বলেন, ‘জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়; এর প্রভাব ইতোমধ্যেই মানুষের দৈনন্দিন জীবন, জীবিকা, কৃষি, স্বাস্থ্য ও পরিবেশে দৃশ্যমান। বিশেষ করে উপকূলীয় জেলা ভোলা জলবায়ু পরিবর্তনের নানা বিরূপ প্রভাবের মুখোমুখি হচ্ছে। নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা বৃদ্ধি, অতিবৃষ্টি ও আবহাওয়ার পরিবর্তিত ধরন মানুষের জীবন ও জীবিকাকে প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে ফেলছে।’
তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শুধু ক্ষয়ক্ষতি কমানোর উদ্যোগ নিলেই হবে না, বরং পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি ও টেকসই কার্যক্রম গ্রহণ করতে হবে। এজন্য বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণ, প্লাস্টিক ও বর্জ্য দূষণ নিয়ন্ত্রণ, নদী-খাল ও জলাভূমি রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব জীবনযাপনে মানুষকে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।’
আলোচনা সভায় তরুণ ও স্বেচ্ছাসেবকদের ভূমিকার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। বক্তারা বলেন, ‘তরুণ সমাজ শুধু সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক দূষণ প্রতিরোধ ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। তাদের নেতৃত্বেই পরিবেশবান্ধব একটি প্রজন্ম গড়ে তোলা সম্ভব।’
বসুন্ধরা শুভসংঘ ভোলা সদর উপজেলা শাখার সহ-সভাপতি মো. ইফাজ বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশ ও জলবায়ু বিষয়ক সচেতনতা তৈরিতে বসুন্ধরা শুভসংঘ কাজ করে যাচ্ছে। মানুষের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি এবং তরুণদের ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ গড়ে তোলাই এসব উদ্যোগের অন্যতম লক্ষ্য।’
সভায় ভোলার পরিবেশগত বাস্তবতা, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বিভিন্ন চ্যালেঞ্জ এবং তা মোকাবিলায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ভবিষ্যতে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে আরও কার্যকর কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বসুন্ধরা শুভসংঘের সদস্যরা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। সরকার, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমেই ভোলাসহ উপকূলীয় অঞ্চলের মানুষকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে আরও সুরক্ষিত রাখা সম্ভব।’
