মনোনয়নের আরও কাছে ট্রাম্প, এবার নিউ হ্যাম্পশায়ারের ভোটে জয়ী

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার দৌঁড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার দলটির প্রার্থী বাছাই প্রক্রিয়ায় নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের দলীয় ভোটে (প্রাইমারি) জয়ী হয়েছেন তিনি।

আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে লড়বেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

নিউ হ্যাম্পশায়ারের ভোটে ট্রাম্পের একমাত্র প্রতিপক্ষ হিসেবে লড়াই করেন রিপাবলিকান পার্টির নিকি হ্যালি। সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর হ্যালি নিউ হ্যাম্পশায়ারের ভোটে হেরে গেলেও লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
গত ১৫ জানুয়ারি আইওয়া ককাসের মধ্য দিয়ে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ের প্রথম ধাপ শুরু হয়। আইওয়ায় বড় জয় পান ট্রাম্প।

আইওয়া ককাসে ভরাডুবির পরই রিপাবলিকান পার্টির মনোনয়ন-লড়াই থেকে সরে দাঁড়ান ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী। একই সঙ্গে তিনি ট্রাম্পের প্রতি সমর্থন জানান।

প্রার্থী হওয়ার দৌড়ে ট্রাম্পের সামনে সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসকে বিবেচনা করা হচ্ছিল। কিন্তু তিনি গত সপ্তাহান্তে এই লড়াই থেকে সরে দাঁড়ান। তিনিও ট্রাম্পকে সমর্থন দেন।

রন ডিস্যান্টিস সরে যাওয়ার পর এখন ট্রাম্পের একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন হ্যালি। ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে তার প্রশাসনে কাজ করেছিলেন তিনি। হ্যালি জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু ২০১৮ সালের অক্টোবরে তিনি আকস্মিকভাবে পদত্যাগ করেন। সূত্র: সিএনএন, রয়টার্স, বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights