মমতার মন্ত্রিসভায় রদবদল

দীপক দেবনাথ, কলকাতা
পশ্চিমবঙ্গের রাজ্য মন্ত্রিসভায় রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দায়িত্ব বাড়লো সিনিয়র মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা জ্যোতিপ্রিয় মল্লিক, প্রদীপ মজুমদার ও ইন্দ্রনীল সেনের। পাশাপাশি খর্ব করা হয়েছে বাবুল সুপ্রিয়’র দায়িত্ব। যদিও নতুন কোনো মুখকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়নি।

রাজ্যটির পর্যটন মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়া হলো গায়ক-রাজনীতিবিদ বাবুল সুপ্রিয়কে। বদলে বাবুল সুপ্রিয়কে দেয়া হলো অচিরাচরিত শক্তি দপ্তরের দায়িত্ব। সেই সাথে তথ্য প্রযুক্তি ও বৈদ্যুতিক দপ্তরের দায়িত্বও বাবুল সুপ্রিয়র হাতে থাকছে।

আরেক গায়ক-রাজনীতিবিদ ইন্দ্রনীল সেনকে তথ্য ও সংস্কৃতি এবং কারিগরী শিক্ষা প্রতিমন্ত্রীর পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসাবে পর্যটন মন্ত্রণালয়ের স্বাধীন দায়িত্ব দেয়া হয়েছে। অতীতে পর্যটন মন্ত্রণালয়ের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন ইন্দ্রনীল। কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূল যোগদান ও বিধায়ক হিসাবে জয়ের পর বাবুলকে ওই দায়িত্ব দেওয়া হয়েছিল।

অরূপ রায়কে সমবায় মন্ত্রী থেকে সরিয়ে দিয়ে তার বদলে তাকে দেয়া হয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দপ্তর। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদারকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে দেওয়া হয়েছে সমবায় দপ্তরের ভার।
দায়িত্ব বেড়েছে বনদপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। বনদপ্তরের পাশাপাশি তাকে শিল্প পুনর্গঠন দপ্তরের দায়িত্ব দেয়া হল।

পূর্বতন খাদ্য ও প্রক্রিয়াকরণ মন্ত্রী গুলান রব্বানীকে পরিবেশ দফতরের মন্ত্রী করা হয়েছে। আগে এই মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে।

সোমবার রাজ্য সরকার এক বিজ্ঞপ্তি জারি করে মন্ত্রিসভার এই রদবদলের কথা জানায়। পাশাপাশি এদিন নবান্নে সংবাদ সম্মেলন করেও এই রদবদলের ঘোষণা দেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights