মাত্র ২০ মিনিটে উধাও ৬৩০ কোটি ডলার, কাঁপছে বিশ্ব ক্রিপ্টো বাজার

অনলাইন ডেস্ক

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্ম বিন্যান্স থেকে প্রায় ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো সম্পদ চুরি হয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, এটি ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরির ঘটনা হতে পারে।

বৃহস্পতিবারের এ ঘটনার পর আমানত ও অর্থ উত্তোলন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বিন্যান্স।

তবে গ্রাহকদের সব ক্ষতি পুষিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীদের অর্থ নিরাপদ রয়েছে।

যুক্তরাষ্ট্রের দুটি ব্লকচেইন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ট্রিএম ল্যাবস ও চেইনঅ্যানালাইসিসের ধারণা, উত্তর কোরিয়ার হ্যাকাররা এ হামলা চালিয়েছে।

তাদের হিসাবে, বৃহস্পতিবার রাতের দিকে মাত্র ২০ মিনিটে ১০টি ব্লকচেইনে বিন্যান্সের বিভিন্ন ওয়ালেট থেকে প্রায় ৬৩৬ কোটি ডলারের সম্পদ সরিয়ে নেওয়া হয়। এর আগে সবচেয়ে বড় ক্রিপ্টো চুরির ঘটনা ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বাইবিট থেকে ১৫০ কোটি ডলারের সম্পদ হাতিয়ে নেওয়া।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, চুরি হওয়া অর্থের মধ্যে প্রায় ৩০০ কোটি ডলার ইতোমধ্যে জব্দ করা হয়েছে। এর মধ্যে স্টেবলকয়েন ইস্যুকারী প্রতিষ্ঠান টেথার ও সার্কেল জব্দ করেছে ২৩০ কোটির বেশি ডলার। বাকি অর্থের কী হয়েছে, তা জানায়নি বিন্যান্স। প্রতিষ্ঠানটি সতর্ক করেছে, সম্পদ শনাক্ত ও জব্দের কাজ চলায় চুরির অঙ্ক আরও বাড়তে পারে।

ট্রিএম ল্যাবসের দাবি, উত্তর কোরিয়ার হ্যাকার গোষ্ঠী ট্রেডারট্রেইট এ হামলা চালিয়েছে। এটি কুখ্যাত লাজারাস গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট।

চেইনঅ্যানালাইসিসও একই সিদ্ধান্তে পৌঁছেছে। তবে বিন্যান্সের সহপ্রধান নির্বাহী রিচার্ড টেং বলেছেন, তদন্তে এখনও কোনও ব্যক্তি বা গোষ্ঠীকে দায়ী করা যায়নি। শুরুতে প্রকৌশলীর একটি ল্যাপটপ হ্যাক হওয়ার মাধ্যমে হামলার সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হলেও পরে আরও কয়েকটি অনুপ্রবেশের পথ শনাক্তের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিশেষজ্ঞদের মতে, উত্তর কোরিয়ার জন্য ক্রিপ্টো চুরি বৈদেশিক মুদ্রা আয়ের গুরুত্বপূর্ণ উৎস। এ অর্থ দেশটির অর্থনীতি টিকিয়ে রাখা এবং জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় থাকা পারমাণবিক কর্মসূচিতে ব্যয় হতে পারে।

হামলার পর বিটকয়েনের দাম ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্ন ৭৬ হাজার ৩৬৮ ডলারে নেমে আসে। ইথারের দামও ৩ শতাংশের বেশি কমে দুই মাসের সর্বনিম্ন ২ হাজার ১৭৮ ডলারে পৌঁছায়। বিন্যান্সের জরুরি তহবিল ‘সিকিউর অ্যাসেট ফান্ড ফর ইউজারস’-এ প্রায় ১০০ কোটি ডলার রয়েছে, যা চুরি হওয়া অর্থের ছয় ভাগের এক ভাগেরও কম। তবে গ্রাহকদের ক্ষতি নিজস্ব তহবিল থেকে পূরণের আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি।

ট্রিএমের ২০২৬ সালের ক্রিপ্টো অপরাধবিষয়ক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রায় ১৫০টি হামলায় ২৮৭ কোটি ডলারের ক্রিপ্টো সম্পদ চুরি হয়েছে। শুক্রবার বিন্যান্স জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে এবং ৪৫ ঘণ্টার মধ্যে অর্থ উত্তোলন আবার চালুর লক্ষ্য রয়েছে। সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights