মাদারীপুরে এক অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অসহায় অবস্থায় পড়ে থাকা হেমায়েত উল্লাহ নামের এক বৃদ্ধকে নিয়ে বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মিলেছে মানবিকতার অনন্য দৃষ্টান্ত। আজ বুধবার বৃদ্ধের চিকিৎসায় আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন (এবিজি ফাউন্ডেশন)। একই সঙ্গে সংবাদটি দেখে তার স্বজনরাও সন্ধান পেয়ে মাদারীপুর সদর হাসপাতালে ছুটে আসেন। প্রয়োজনীয় পরিচয় নিশ্চিত করে দীর্ঘদিন পর পরিবারের কাছে ফিরে যান ওই বৃদ্ধ।

জানা যায়, প্রায় ৭০ বছর বয়সী ওই বৃদ্ধকে কয়েক দিন ধরে মাদারীপুর পৌরসভার পানিছত্র এলাকার লিগ্যাল এইড সংলগ্ন সড়কের পাশে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বয়সের ভার, অসুস্থতা ও দুর্বলতার কারণে তিনি ঠিকমতো হাঁটাচলা করতে পারছিলেন না। পথচারীরা কেউ খাবার, কেউ পানি দিলেও তার পরিচয় জানা যাচ্ছিল না এবং কোনো স্বজনেরও খোঁজ পাওয়া যায়নি।

পরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক, স্থানীয় যুবক ও সংবাদকর্মীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিজের পরিচয় ও ঠিকানা স্পষ্টভাবে জানাতে পারেননি।

এরপর বাংলাদেশ প্রতিদিনে সংবাদটি প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে সবার। সেই বৃদ্ধের পাশে দাঁড়ায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন (এবিজি ফাউন্ডেশন)। আর্থিক সহায়তা প্রদান করে বৃদ্ধের চিকিৎসার জন্য।

মাদারীপুর সদর হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা শ্যামল পান্ডে বলেন, ‘বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশের পরই বৃদ্ধের স্বজনরা তার সন্ধান পান। একই সঙ্গে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন (এবিজি ফাউন্ডেশন) বৃদ্ধের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে। তাদের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’

মাদারীপুর জেলা প্রবেশন কর্মকর্তা বি. এম. আসাদুজ্জামান বলেন, ‘এবিজি ফাউন্ডেশন যেভাবে অসহায় এই বৃদ্ধের পাশে দাঁড়িয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তাদের এই মানবিক উদ্যোগ সমাজের জন্য একটি ইতিবাচক উদাহরণ।’

বৃদ্ধের ছেলে তারেক হোসেন মোল্লা বলেন, ‘আমার বাবার পাশে দাঁড়িয়ে চিকিৎসা সহায়তা দেওয়ায় এবিজি ফাউন্ডেশনের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights