মানবতাবিরোধী অপরাধে বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক

সিরিয়ার একটি আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ভাই মাহের আল-আসাদ এবং তার চাচাতো ভাই আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড দিয়েছে। প্রায় ১৪ বছরের দীর্ঘ যুদ্ধকালীন অপরাধের বিচার শেষে দামেস্কের ফৌজদারি আদালত মঙ্গলবার এই ঐতিহাসিক রায় প্রদান করে।

২০২৪ সালে ক্ষমতাচ্যুত হয়ে বর্তমানে রাশিয়ায় নির্বাসিত থাকা বাশার আল-আসাদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যা, নির্যাতন এবং মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পাওয়ায় অনুপস্থিতিতেই এ রায় কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। একই অপরাধে তার ছোট ভাই মাহের আল-আসাদকেও অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে, দেশের রাজনৈতিক নিরাপত্তা বিভাগের সাবেক প্রধান আতেফ নাজিবকে সরাসরি আদালতে হাজির করে এই দণ্ড শোনানো হয়। গত বছরের জানুয়ারিতে গ্রেফতার হওয়া নাজিব বন্দীদের খাঁচায় দাঁড়িয়ে বিচারকের মুখে নিজের শাস্তি শোনেন। ২০১১ সালে দ্রা প্রদেশে আন্দোলনকারীদের ওপর তার নির্মম দমন-পীড়নই পরবর্তীতে দেশজুড়ে গৃহযুদ্ধের জন্ম দিয়েছিল। নাজিবের বিরুদ্ধে শিশু হত্যা এবং নির্যাতনের মাধ্যমে প্রাণহানির মতো সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে।

আদালতের বিচারক আল-আরিয়ান জানান, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যে নিশ্চিত হওয়া গেছে যে বাশার আল-আসাদ সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহণকারী হিসেবে রাষ্ট্রীয় বাহিনীকে এসব অপরাধে ব্যবহার করেছিলেন।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights