মুন্সীগঞ্জে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের উদ্যোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বণিক্যপাড়া এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।

এর আগে, গত ১ জুলাই বাংলাদেশ প্রতিদিন অনলাইনে এবং ২ জুলাই প্রিন্ট সংস্করণে ‘খাল দখল: জলাবদ্ধতায় নাকাল চার গ্রামের মানুষ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে খাল দখলের কারণে বণিক্যপাড়াসহ চার গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের চিত্র তুলে ধরা হয়। প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নজরে আসে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৮ জুলাই) বণিক্যপাড়া এলাকা পরিদর্শন করেন সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। এসময় তিনি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

স্থানীয় বাসিন্দারা জলাবদ্ধতা নিরসন, সরকারি অংশীদারিত্ব থাকা পুকুর সংরক্ষণ এবং স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের দাবি জানান। তাদের দাবির পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য পঞ্চসার ইউনিয়ন পরিষদকে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে সরকারি অংশীদারিত্ব থাকা পুকুরটি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

সংসদ সদস্যের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত ড্রেন নির্মাণ হলে কয়েকটি গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ কমবে।

পরিদর্শনকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, পঞ্চসার ইউনিয়ন পরিষদের প্রশাসক এস এম আব্দুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মো. রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পঞ্চসার ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী বণিক্যপাড়া এলাকার জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত শুরু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights