মেঘনা নদীর অভয়াশ্রমে মাছ ধরার দায়ে ৩৪ জেলের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল জেলার হিজলা উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রমে নিষিদ্ধকালীন সময়ে মাছ ধরার অভিযোগে ৩৪ জন জেলেকে আটক করেছে পুলিশ। তাদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
হিজলা থানার ওসি মো. জুবাইর জানান, রবিবার দুপুরে নিষিদ্ধকালীন সময়ে মেঘনা নদীর অভয়াশ্রমে অবৈধ মাছ শিকার বিরোধী অভিযান পরিচালিত হয়। মৎস্য বিভাগের সহায়তায় পরিচালিত অভিযানে প্রায় ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল সহ ৩৪ জন জেলেকে আটক করে পুলিশ। পরে তাদের উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুসতাহসিন তাসমিম রহমান অনিদ্রর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। বিকেলে তাদের বিশেষ ব্যবস্থায় বরিশাল কেন্দ্রিয় কারাগারে প্রেরণ করা হয়। এদিকে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধংস করা হয় বলে জানান ওসি।
