মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার নিউইয়র্কের ম্যানহাটনে ‘দ্য সেন্ট রেজিস নিউইয়র্ক’-এ হোয়াইট হাউস আয়োজিত মেলানিয়া ট্রাম্পের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে তারা সাক্ষাৎ করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে আয়োজিত এ আন্তর্জাতিক সমাবেশে বিশ্বনেতাদের সহধর্মিণী ও শীর্ষ প্রতিনিধিরা একত্র হন। সভায় শিশুদের মানসম্মত শিক্ষা, ডিজিটাল দক্ষতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অনলাইনে শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। মেলানিয়া ট্রাম্পের এ উদ্যোগটির মূল লক্ষ্য হলো বৈশ্বিক অংশীদারির মাধ্যমে শিশুদের প্রযুক্তি ও শিক্ষার সুযোগ বাড়ানো। এ আন্তর্জাতিক কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় সম্পৃক্ততা স্পষ্ট করেছেন ডা. জুবাইদা রহমান। এর আগে, গত মার্চে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘গ্লোবাল কোয়ালিশন সামিট’-এ তিনি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে অংশ নেন। সে সময় তিনি শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারের বিষয়ে বাংলাদেশের সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন।
