মোটরসাইকেলে এসে গাড়িতে থাকা ব্যবসায়ীকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেল করে আসা অস্ত্রধারীদের ছোড়া গুলিতে মুহাম্মদ আবদুল হাকিম (৫২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট বাজারের পানি শোধনাগার মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। হামলার সময় তার সঙ্গে গাড়িতে থাকা আরও এক ব্যক্তি গুলিবিদ্ধ হন।

চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ সংবাদমাধ্যমকে বলেন, নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে আবদুল হাকিম নামের ওই ব্যক্তি মারা যান। তার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

তিনি বলেন, একদল মোটরসাইকেল আরোহী দুর্বৃত্ত আবদুল হাকিমের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করেছে বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছি।

নিহত আবদুল হাকিম রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা। তিনি ভেষজ পণ্যের ব্যবসা করতেন। পাশাপাশি গরুর খামারি ছিলেন। এ ছাড়া এক বছর ধরে কর্ণফুলী নদী থেকে বালু উত্তোলনের ব্যবসাও করছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকাল ৫টার দিকে মুহাম্মদ আবদুল হাকিম তার গ্রামের খামারবাড়ি থেকে অপর একজনসহ ব্যক্তিগত গাড়িতে করে কাপ্তাই সড়ক হয়ে চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিলেন। তখন তিনি চালকের পাশের আসনে বসা ছিলেন। মদুনাঘাট এলাকায় পৌঁছালে একদল মোটরসাইকেল আরোহী অস্ত্রধারী তার গাড়ির পিছু নেয়। এরপর পানি শোধনাগার এলাকায় পৌঁছালে তারা আবদুল হাকিমের গাড়ি লক্ষ্য করে গুলি করতে থাকেন। এতে দুজন গুলিবিদ্ধ হন। অপরজনের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে নগরের বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুল হাকিমকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights