যাত্রাবাড়ীতে ২০ কুকুর হত্যা: ৩ আসামির ৩০ মাস করে কারাদণ্ড

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় অমানবিক কায়দায় ২০টি কুকুর পিটিয়ে ও ইনজেকশন দিয়ে হত্যার দায়ে তিন আসামিকে ৩০ মাস (আড়াই বছর) করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ রবিবার (৮ মার্চ) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মানিক, আবুল খায়ের ও মো. অপু।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মাকসুদুর রহমান সাংবাদিকদের জানান, রায় ঘোষণার সময় আসামি মানিক আদালতে উপস্থিত থাকায় তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। অন্য দুই আসামি খায়ের ও অপু পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার সংক্ষিপ্ত বিবরণ

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৩ জানুয়ারি যাত্রাবাড়ীর ধলপুর লিচুবাগান ও মহিলা মাদ্রাসা রোড এলাকায় আসামিরা লোহার রড ও বিষাক্ত ইনজেকশন ব্যবহার করে ২০টি কুকুরকে নির্মমভাবে হত্যা করে। হত্যার পর কুকুরগুলোকে বস্তায় ভরে নিয়ে যাওয়া হয়। এই পৈশাচিক ঘটনায় মোহাম্মদ মারুফুল হক প্রথমে যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) এবং পরবর্তীতে আদালতে মামলা দায়ের করেন।

পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করে এবং তাদের বিরুদ্ধে প্রাণী কল্যাণ আইন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে আদালতে যাত্রাবাড়ী থানার সাব ইন্সপেক্টর শফিকুল ইসলাম ২০২১ সালের সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন।

বাদি মারুফুল হক সাংবাদিকদের জানান, বাংলাদেশে প্রাণী হত্যার দায়ে এমন সাজা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights