যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে এখনো সিদ্ধান্তে আসেনি ইরান

অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসন এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্র যে চুক্তির প্রস্তাব দিয়েছে, তা এখনো গ্রহণ বা প্রত্যাখ্যান করেনি ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, তেহরানে এখনো প্রস্তাবটির চূড়ান্ত খসড়া নিয়ে বিস্তারিত পর্যালোচনা চলছে।

ইরানের আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, অতীতের অভিজ্ঞতার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো সমঝোতা নিয়ে তেহরান খুব সতর্ক। তাদের অভিযোগ, অতীতে ওয়াশিংটন একাধিকবার চুক্তির ক্ষেত্রে ‘বিশ্বাসভঙ্গ’ করেছে। সে কারণে এবার ইরান কেবল বাস্তব ও নিশ্চিত লাভ না পেলে কোনো সিদ্ধান্তে যেতে চায় না।

এদিকে কয়েক মাস ধরে সংঘাত চলার পর কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হয়েছে, যেন পরিস্থিতি আর উত্তপ্ত না হয়। বিশেষ করে বিশ্ব জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলেছে এই উত্তেজনা। হরমুজ প্রণালি নিয়ে উদ্বেগ বেড়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সীমিত ও অন্তর্বর্তী চুক্তির দিকে ঝুঁকছে। এর মাধ্যমে একদিকে অর্থনৈতিক চাপ কিছুটা কমানো যাবে, অন্যদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ধরনের ছাড় দেওয়ার প্রয়োজন হবে না।

ইরানের এই কৌশল নতুন নয়। দেশটি দীর্ঘদিন ধরেই বাইরের চাপ সামলে নিজেদের মূল অবস্থান ধরে রেখে কূটনৈতিক যোগাযোগ চালু রাখার নীতি অনুসরণ করে আসছে। তবে বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক সংকট, আর্থিক সুবিধা পাওয়া এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখার বিষয়টিও বড় হয়ে উঠেছে।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে আক্রমণ করে। এরপর অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়ে। যদিও এপ্রিলের শুরুতে একটি নড়বড়ে যুদ্ধবিরতি হয়েছিল তবে বর্তমান পরিস্থিতি একধরনের অচলাবস্থার ভেতর রয়েছে। এই প্রেক্ষাপটে পূর্ণাঙ্গ চুক্তির আশা কমে এসেছে। উভয় পক্ষই এখন একটি অস্থায়ী সমঝোতার দিকে মনোযোগ দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights