রংপুরে শীতার্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক, রংপুর
বেশ কয়েক দিন থেকে রংপুরসহ সারা দেশে তীব্র শীত বয়ে যাচ্ছে। এই শীতে শীতার্ত মানুষের পাশে এগিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।
বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সোমবার দুপুরে রংপুরের তিস্তা নদীবেষ্টিত গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের দুই হাজার শীর্তাত মানুষকে কম্বল দেওয়া হয়। রাজবল্বভ উচ্চবিদ্যালয় মাঠে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।
রাজবল্বভ বালাটারি এলাকার হোসেন আলী, মেছের আলী, জয়দেব এলাকার জিন্না বেগম, নুরনাহার কম্বল পেয়ে তাদের অভিব্যক্তি ব্যক্ত করে বলেন, ‘তীব্র শীত ও কনকনে ঠান্ডায় যখন কাহিল এই সময়ে বসুন্ধরা গ্রুপের কম্বল আমাদের খুব উপকার করল। এই শীতে এই কম্বল গায়ে দিয়ে একটু আরামে ঘুমাতে পারব।’
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী বলেন, ‘বসুন্ধরা গ্রুপ দীর্ঘদিন থেকে ভালো কাজ করে আসছে। শীতে কম্বল দিয়ে অসহায় মানুষকে সহযোগিতা করছে। এই ভালো উদ্যোগের কারণে দরিদ্ররা উপকৃত হচ্ছেন। ভালো কাজের উদ্যোগ অব্যাহত রাখলে দেশের মানুষ আরও বেশি উপকৃত হবেন।’
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর পিবিআই পুলিশ সুপার জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর হাসান রুমি, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক সাজেদুল করিম, গজঘণ্টা ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত আলী।
অনুষ্ঠানে অতিথিরা এমন মহতী উদ্যোগের জন্য বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় অসহায় হতদরিদ্র মানুষ শীত নিবারণে কম্বল পেয়ে খুশি হয়েছেন। বসুন্ধরা গ্রুপ শীতার্তদের পাশে দাঁড়িয়ে মহৎ কাজটি করেছে। বসুন্ধরার এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।’
