রাজধানীতে অভিযানে ১৬ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪
অনলাইন ডেস্ক
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ। এ ঘটনায় পেশাদার মোটরসাইকেল চুরি চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন সজিব (২৮), নিশান আহমেদ (২৫), রুবেল আহম্মেদ (৩৮) ও নিত্য সরকার (১৯)। বুধবার (১৯ আগস্ট) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার (১৮ আগস্ট) ডিবির ওয়ারী বিভাগের একটি দল রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে মোটরসাইকেল চুরি চক্রের চার সদস্যকে গ্রেফতারের পাশাপাশি তাদের কাছ থেকে ১৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিক শনাক্ত এবং চুরির ঘটনার সঙ্গে গ্রেপ্তারদের সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
