রাজবাড়ীতে আসামি গ্রেফতারের দাবিতে আল্টিমেটাম শেষে বিক্ষোভ
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকায় নিজ বাসার কাছে ডা. আবুল হোসেন কলেজের শিক্ষার্থী তানভীর শেখকে কুপিয়ে হত্যা করা হয়। ১২ নভেম্বর দিবাগত রাত ৯টার দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। পরদিন বুধবার দুপুরে তানভীরের দাফন শেষে হত্যাকারীদের গ্রেফতারের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। নিহত তানভীরের স্বজন ও সহপাঠীরা এই আল্টিমেটাম দেন।
আল্টিমেটাম শেষে আজ শনিবার বেলা সাড়ে ১১টার রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহত তানভীরের সহপাঠী ও বন্ধুদের আয়োজনে এই মানববন্ধন শেষ হয়।
মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভটি পান্না চত্ত্বর দিয়ে রাজবাড়ীর ১ নম্বর রেলগেট হয়ে একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ শেষে বিদ্যালয়ের সামনে সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, তানভীর আবুল হোসেন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত মঙ্গলবার দিবাগত রাতে তাকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। আহত অবস্থায় রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজে নেওয়ার পথে সে মারা যায়। হত্যার দুইজন আসামিকে গ্রেফতার হলেও বাকি আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। আসামিরা প্রকাশ্যে বড়পুল দিয়ে রাজবাড়ী থেকে পালিয়েছে বলে অভিযোগ তোলা হয়।
বিক্ষোভে যোগ দেন তানভীরের মা পপি আক্তার। তিনি দ্রুত তানভীর হত্যার সাথে জড়িত সকল আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবি করেন।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, হত্যা মামলাটির তদন্ত নিয়ে পুলিশ কাজ করছে। দুজন আসামিকে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলাটির তদন্ত সম্পন্ন হতে পুলিশকে সহযোগিতার আহবান জানান তিনি।
