রাবির স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা বরিশাল আঞ্চলিক কেন্দ্রে করার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ সেশনের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা বরিশাল আঞ্চলিক কেন্দ্রে নেয়ার দাবিতে নগরীতে মানববন্ধন করা হয়েছে। রবিবার নগরীর অশ্বিনী কুমার হলের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমাতে এ বছর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশের বেশ কয়েকটি বিভাগীয় শহরে কেন্দ্র নির্ধারণ করেছে। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগ রয়েছে। পরবর্তীতে রংপুরের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রংপুর বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু বরিশাল বিভাগকে অন্তর্ভুক্ত করা হয় নাই। প্রতিবছর বৃহত্তর বরিশাল বিভাগের অসংখ্য ভর্তিচ্ছু শিক্ষার্থী দীর্ঘ ৩৬৩ কি.মি পথ অতিক্রম করে পরীক্ষায় অংশ গ্রহণ করে।

এতে করে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক ভোগান্তি, ঝামেলার সম্মুখীন হতে হয়। বরিশাল বিভাগের ৬টি জেলা (বরিশাল, বরগুনা, ঝালাকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা)’র অসংখ্য শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়ে থাকে। তাছাড়া এই অঞ্চলে শিক্ষার হার বেশি। এ বছর ভর্তি পরীক্ষায় বিভিন্ন অঞ্চল রাখা হলেও বরিশালকে বিবেচনা করা হয়নি। যা খুবই দুঃখজনক। তাই অবিলম্বে বরিশালে ভর্তি পরীক্ষার কেন্দ্রের দাবি করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন মো. শহিদুল ইসলাম, মো, ছাব্বির আহাম্মেদ মাহির, শ্রাবণী সিকদার, মুনতাহির তুবা, শফিকুল ইসলাম, জান্নাত আরা স্নেহাসহ কয়েকশত ভর্তিচ্ছুক শিক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights