রিসোর্ট থেকে আওয়ামী লীগের সাবেক এমপির ছোট ভাই গ্রেফতার
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সদস্য সানজিদ হাসনাতকে (৪৪) গ্রেফতার করা হয়েছে। তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাতের ছোট ভাই।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মোগরাপাড়ার রেইন ফরেস্ট ইকো রিসোর্টে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার সানজিদ হাসনাত মৃত আবুল হাসনাতের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাতের ছোট ভাই।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, সানজিদ হাসনাতকে সোনারগাঁ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
