রুশ সশস্ত্র বাহিনীতে যোগ না দেয়ার বিষয়ে নাগরিকদের সতর্ক করল ভারত

অনলাইন ডেস্ক

রাশিয়ায় চাকরির সন্ধানের ক্ষেত্রে ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটি। এ বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি নতুন নির্দেশনা জারি করা হয়েছে। রুশ সশস্ত্র বাহিনীতে ভারতীয়দের নিয়োগের বিষয়ে ক্রমাগত খবর আসার প্রেক্ষাপটে এই সতর্কতা দেওয়া হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই বছর ধরে সরকার রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দেওয়ার ঝুঁকি সম্পর্কে দেশটির নাগরিকদের একাধিকবার সতর্ক করে আসছে। বিদেশে চাকরিরত বা চাকরিপ্রার্থী নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা চাকরির প্রস্তাবগুলো ভালোভাবে যাচাই-বাছাই করেন। এমন কোনো ব্যক্তি বা এজেন্সির প্রলোভনে পা না দেন যাদের বিশ্বাসযোগ্যতা বা বৈধতা নিশ্চিত করা সম্ভব নয়।

নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, কিছু ভারতীয় আর্থিক সুবিধার লোভে স্বেচ্ছায় রাশিয়ান সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়ার সুযোগ খুঁজে নিয়েছেন। কেউ কেউ হয়তো ভেবেছিলেন, পরবর্তীতে তারা ভারত সরকারের সহায়তা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। সরকার এ ধরনের পদক্ষেপকে অত্যন্ত বিপজ্জনক আখ্যা দিয়ে তা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

এছাড়া ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করে রাশিয়ান পাসপোর্ট নেওয়া এবং রুশ সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধেও পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, স্বল্পমেয়াদী আর্থিক লাভের আশায় প্রলুব্ধ হয়ে কিছু ব্যক্তি ভারতীয় কর্তৃপক্ষের সাথে কোনো পরামর্শ না করেই এরই মধ্যে এমন পদক্ষেপ নিয়েছেন।

মন্ত্রণালয় ভারতীয় নাগরিকদের এ ধরনের সিদ্ধান্তের গুরুতর পরিণতির কথা বিশেষ করে জীবনহানির ঝুঁকি বিবেচনা করার এবং এমন পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দিয়েছে। নির্দেশনায় রাশিয়ান সশস্ত্র বাহিনীতে কাজ করার জন্য স্বেচ্ছাসেবী গোষ্ঠীসহ বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমে বিদেশি নাগরিকদের নিয়োগের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

এ ধরনের এজেন্টের কাছ থেকে চাকরির প্রস্তাব গ্রহণ করার আগে ভারতীয় নাগরিকদের যথাযথভাবে যাচাই-বাছাই করার পরামর্শ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ করে এমন সব নিয়োগকারী এজেন্টের সাথে লেনদেন বা যোগাযোগ না করার বিষয়ে সতর্ক করেছে, যারা মন্ত্রণালয়ের কাছে নিবন্ধিত নয়।

ভারত সরকার জানিয়েছে, রাশিয়ান সশস্ত্র বাহিনীতে কর্মরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে এবং তাদের দ্রুত মুক্তির বিষয়টি নিশ্চিত করতে তারা রাশিয়ান কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রেখে চলেছে।

সূত্র: ইন্ডিয়া টুডে, গাল্ফ নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights