বাবর আজমকে দলে ভেড়াল ডেজার্ট ভাইপার্স
অনলাইন ডেস্ক
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি২০)-এর পঞ্চম আসরের পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম ৮০,০০০ ডলারে ‘ডেজার্ট ভাইপার্স’-এর দলে যোগ দিয়েছেন। ফলে সংযুক্ত আরব আমিরাত-ভিত্তিক এই ফ্র্যাঞ্চাইজি লিগটি বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় এক তারকাকে নিজেদের দলে পেল।
ডানহাতি এই ব্যাটার বর্তমানে পাকিস্তানে ‘প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১’-এ খেলছেন। চলতি বছরের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত পারফরম্যান্সের পর তিনি তার ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা অব্যাহত রেখেছেন। গত মে মাসে বাবরের নেতৃত্বে পেশোয়ার জালমি এইচবিএল পিএসএল-এর শিরোপা জয় করে। ২০১৭ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পর এটি ছিল ফ্র্যাঞ্চাইজিটির দ্বিতীয় শিরোপা জয়।
অধিনায়ক হিসেবে এটি ছিল বাবরের প্রথম পিএসএল শিরোপা। পাশাপাশি তিনি দুটি সেঞ্চুরিসহ মোট ৫৮৮ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। পরবর্তীতে তাকে পিএসএল-এর ‘টিম অফ দ্য টুর্নামেন্ট’-এর অধিনায়ক হিসেবেও নির্বাচিত করা হয়।
৩১ বছর বয়সী এই ক্রিকেটার ‘বিগ ব্যাশ লিগ’-এর ১৫তম আসরে সিডনি সিক্সার্সের হয়ে অভিষেকের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের’ অভিজ্ঞতার পরিধি আরও বাড়িয়েছেন। সিক্সার্স তাকে ‘প্রি-ড্রাফট’ বিদেশি খেলোয়াড় হিসেবে দলে নিয়েছিল। বিগ ব্যাশে বাবর ১১টি ম্যাচ খেলে ২২.৪৪ গড় ও ১০৩.০৬ স্ট্রাইক রেটে মোট ২০২ রান সংগ্রহ করেন, যার মধ্যে দুটি হাফ-সেঞ্চুরিও ছিল।
ডেজার্ট ভাইপার্সে যোগ দেওয়ার ফলে আইএলটি২০-র এই ফ্র্যাঞ্চাইজিটি আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সমৃদ্ধ অভিজ্ঞতাসম্পন্ন একজন শীর্ষ সারির (টপ-অর্ডার) ব্যাটারকে পেল। আইএলটি২০-র পঞ্চম আসরের এই নিলামের মাধ্যমে প্রতিযোগিতার পরবর্তী সংস্করণের জন্য ছয়টি ফ্র্যাঞ্চাইজি তাদের দলগুলোকে আরও শক্তিশালী করে তুলবে।
