লক্ষ্মীপুরে পাসের হার ৪১.২৯ শতাংশ, পাঁচ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি
লক্ষ্মীপুর প্রতিনিধি
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় লক্ষ্মীপুর জেলায় পাসের হার ৪১ দশমিক ২৯ শতাংশ। জেলার ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৮ হাজার ৭৭৭ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৬২৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৮১ জন। তবে জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
শূন্য পাসের হারের তালিকায় রয়েছে লক্ষ্মীপুর শহরের ক্যামব্রিজ সিটি কলেজ। প্রতিষ্ঠানটি থেকে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছে। লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ছয় পরীক্ষার্থীর কেউ পাস করেনি। এ ছাড়া সদরের কুশাখালীর বীর মুক্তিযোদ্ধা ডা. মমতাজ উদ্দিন আলোকিত কলেজ থেকে তিনজন, কমলনগরের তোরাবগঞ্জ উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে দুজন এবং ফজুমিয়ারহাট উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে সাতজন পরীক্ষায় অংশ নিয়ে কেউ উত্তীর্ণ হতে পারেনি।
জেলার নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ২০ শতাংশের নিচে। এর মধ্যে সদরের টুমচর আসাদ একাডেমি ও কলেজে পাসের হার ৭ দশমিক ৬১ শতাংশ, দালালবাজার কলেজে ১৬ দশমিক ৩০ শতাংশ, পৌর আইডিয়াল কলেজে ১০ দশমিক ০৮ শতাংশ, চন্দ্রগঞ্জের দত্তপাড়া কলেজে ১৩ দশমিক ৪৫ শতাংশ, কফিল উদ্দিন ডিগ্রি কলেজে ১৮ দশমিক ৭২ শতাংশ, মান্দারীর জিল্লুর রহিম কলেজে ১১ দশমিক ৮১ শতাংশ, জনতা কলেজে ১৪ দশমিক ২২ শতাংশ, কমলনগর কলেজে ৬ দশমিক ৬৭ শতাংশ এবং তোহায়া স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয়ে ৭ দশমিক ১৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের ফলাফলও হতাশাজনক। প্রতিষ্ঠানটি থেকে ৯৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে মাত্র ৩১৫ জন। পাসের হার ৩৩ দশমিক ৫৫ শতাংশ।
তবে জেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভালো ফলাফল হয়েছে। এর মধ্যে রামগঞ্জের ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে পাসের হার ৯৮ দশমিক ৪৬ শতাংশ, রায়পুরের প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে ৯৮ দশমিক ৯২ শতাংশ, হায়দরগঞ্জ মডেল কলেজে ৯০ দশমিক ৩৮ শতাংশ, হায়দরগঞ্জ রোকেয়া হাসমতুন্নেছা গার্লস স্কুল অ্যান্ড কলেজে ৮২ দশমিক ৩৫ শতাংশ, রামগতির আস সালাম মডেল গার্লস কলেজে ৮৮ দশমিক ২৪ শতাংশ, সদরের ন্যাশনাল আইডিয়াল কলেজে ৮৮ দশমিক ৮৯ শতাংশ এবং লক্ষ্মীপুর সরকারি কলেজে ৭৭ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৩১ জন শিক্ষার্থী।
