লঞ্চে অসুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

চাঁদপুর প্রতিনিধি

কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন পেয়ে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ এক ব্যক্তিকে চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কোস্ট গার্ডের বোটে চাঁদপুর লঞ্চঘাটে এনে অ্যাম্বুলেন্সে ঢাকার শ্যামলী কিডনি হাসপাতালে পাঠানো হয়।

মঙ্গলবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, চিকিৎসা শেষে ওই ব্যক্তি ঢাকা থেকে বরিশালগামী ‘এমভি এম খান-৭’ লঞ্চে করে বরিশালের উদ্দেশে রওনা হন। লঞ্চটি রাত ২টার দিকে চাঁদপুরের লালপুর সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ সময় লঞ্চের সুপারভাইজার কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।

খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিকেল টিম দ্রুত লঞ্চটিতে পৌঁছে অসুস্থ যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কোস্ট গার্ডের বোটে চাঁদপুর লঞ্চঘাটে নিয়ে আসা হয়। সেখান থেকে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে তাকে ঢাকার শ্যামলী কিডনি হাসপাতালে পাঠানো হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights