লালমনিরহাটে স্বামীর ধাক্কায় প্রাণ গেল দুই সন্তানের জননীর
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর মারধর ও ধাক্কায় ঘরের চৌকাঠে পড়ে শিলা (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের প্রধানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মায়ের মৃত্যুতে ছয় বছর বয়সী মেয়ে ও দেড় বছর বয়সী ছেলেকে নিয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
নিহত শিলা হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি এলাকার সাহিদুল রহমানের মেয়ে। তাঁর স্বামী শাহিন পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের প্রধানবাড়ি এলাকার সাইদার রহমানের ছেলে। পেশায় কৃষিশ্রমিক শাহিনের সঙ্গে শিলার প্রায় আট বছর আগে বিয়ে হয়। তাঁদের দুই সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে সন্তানদের সঙ্গে খাওয়াদাওয়া করছিলেন শিলা ও তাঁর স্বামী। এ সময় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহিন তাঁর স্ত্রীকে মারধর করেন এবং পরে জোরে ধাক্কা দেন বলে অভিযোগ রয়েছে। এতে শিলা ঘরের চৌকাঠে পড়ে মাথায় আ’ঘাত পান। পরে তাঁকে হা’সপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত শিলার নানা মোশাররফ হোসেন অভিযোগ করে বলেন, তাঁর নাতনিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে শিলার বাবা, যিনি ঢাকায় অবস্থান করছিলেন, বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং মরদেহ থানায় নিয়ে আসি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী ধাক্কা দিলে ওই নারী ঘরের চৌকাঠে পড়ে মাথায় আঘাত পান। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
