লোহিত সাগরে নিয়ন্ত্রণ বাড়াতে মরিয়া হুতি, দখলে কৌশলগত সামরিক ঘাঁটি

ইয়েমেনে নতুন করে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় তাইজ এবং দক্ষিণ হোদেইদাহ এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে হুতিদের এই লড়াই চলছে। বিশ্লেষকদের ধারণা, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেবের দিকে অগ্রসর হওয়া এবং লোহিত সাগরের বন্দরনগরী আল-মাখা (মোখা) অভিমুখে নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকা সম্প্রসারণই হুতিদের মূল লক্ষ্য।

বিশেষজ্ঞদের মতে, লোহিত সাগরের উপকূলসংলগ্ন কৌশলগত এলাকাগুলো নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে হুতিরা। এর অংশ হিসেবে দক্ষিণ হোদেইদাহ এবং তাইজের পশ্চিমাঞ্চলে নিজেদের অবস্থান শক্তিশালী করার দিকে তারা মনোযোগ দিচ্ছে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক লড়াইয়ে হুতিরা কিছু এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। পশ্চিম তাইজে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটিও দখলে নিয়েছে তারা। কৌশলগত একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত ওই ঘাঁটি থেকে বিস্তৃত এলাকার ওপর নজরদারি করা সম্ভব।

ইয়েমেনের সামরিক কর্মকর্তাদের ভাষ্য, হুতিদের মোকাবিলায় সরকারি বাহিনীর কাছে অতিরিক্ত সেনা ও সামরিক সহায়তা পাঠানো হচ্ছে। তবে সরকারি বাহিনীর তাৎক্ষণিক লক্ষ্য নতুন কোনো এলাকা দখল করা নয়; বরং হুতিদের নিয়ন্ত্রণে চলে যাওয়া এলাকাগুলো পুনরুদ্ধার করাই তাদের প্রধান উদ্দেশ্য।

সূত্র: আল জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights